হায়দরাবাদ: নির্ধারিত সময়ে সিনেমা শুরু না করে টানা বাণিজ্যিক বিজ্ঞাপন ও ট্রেলার দেখানোর অভিযোগে মাল্টিপ্লেক্স পরিচালন সংস্থা পিভিআর আইনক্সকে মোট ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ ও জরিমানা দেওয়ার নির্দেশ দিল হায়দরাবাদ জেলা ক্রেতা সুরক্ষা আদালত। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ২২ মিনিট দেরিতে সিনেমা প্রদর্শন শুরু করাকে গ্রাহক পরিষেবায় ঘাটতি এবং অনৈতিক বাণিজ্যিক আচরণ হিসেবে উল্লেখ করেছে আদালত।
ঘটনার সূত্রপাত গত বছরের ২০ জুন। পেশায় আইনজীবী চন্দ অতীশ কুমার তেলুগু ছবি দেখার জন্য রাত দশটা পয়ত্রিশের শোয়ের দুটি টিকিট কেটেছিলেন। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই তিনি ও তাঁর সঙ্গী প্রেক্ষাগৃহে নিজেদের আসনে বসেন। কিন্তু অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দীর্ঘক্ষণ বাণিজ্যিক বিজ্ঞাপন এবং অন্যান্য ছবির ট্রেলার দেখানো চলতে থাকে এবং মূল সিনেমা শুরু হয় রাত দশটা বাহান্ন মিনিটে। এর ফলে ছবি শেষ হতে দেরি হয় এবং বাড়ি ফিরতে ভোররাত হয়ে যাওয়ায় ব্যক্তিগত কাজে ব্যাঘাত ও গভীর রাতে যাতায়াতের ঝুঁকি তৈরি হয় বলে অভিযোগপত্রে জানান ওই দর্শক।
অভিযোগকারী দাবি করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী সামাজিক সচেতনতামূলক প্রচারচিত্র দেখানোর সর্বোচ্চ সময়সীমা দুই মিনিট হলেও অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ দীর্ঘক্ষণ বিজ্ঞাপন দেখিয়ে দর্শকদের অযথা বসিয়ে রেখেছে। এর বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আইনে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেন তিনি।
পাল্টা যুক্তিতে পিভিআর কর্তৃপক্ষ দাবি করে, সিনেমা শুরুর আগে বিজ্ঞাপন, ট্রেলার কিংবা শিক্ষামূলক প্রচার প্রদর্শন করা তাদের সাংবিধানিক বাণিজ্যিক অধিকারের অংশ এবং প্রেক্ষাগৃহ নিজস্ব নিয়ম নির্ধারণের অধিকার রাখে। তবে ক্রেতা আদালত সংস্থার এই যুক্তি সরাসরি খারিজ করে দেয়। আদালত জানায়, নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত বাণিজ্যিক বিজ্ঞাপন দেখানো সুস্পষ্টভাবে সেবার ঘাটতি এবং অনুচিত বাণিজ্যিক কৌশল।
আদালতের নির্দেশে অভিযোগকারীকে মানসিক হয়রানি ও অসুবিধার জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে তা না দিলে বার্ষিক ৯ শতাংশ হারে সুদ দিতে হবে। পাশাপাশি জেলা উপভোক্তা কল্যাণ তহবিলে ৫০ হাজার টাকা শাস্তিমূলক জরিমানা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অনৈতিক আচরণের পুনরাবৃত্তি যাতে না ঘটে, তা নিশ্চিত করার নির্দেশও জারি করেছে আদালত।









