নয়াগ্রাম: উৎসবের আনন্দ কেবল মণ্ডপ আর আলোকসজ্জার চোখধাঁধানো রোশনাইয়ে আটকে না রেখে তা পৌঁছে দেওয়া হলো প্রান্তিক মানুষের অঙ্গনে। রবিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ভালিয়াচাটি গ্রামের লোধা পাড়ায় দুর্গাপূজা উপলক্ষে এক বিশেষ শারদীয়া বস্ত্র বিতরণ ও সমাজকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের মানবসেবার আদর্শকে পাথেয় করে ‘আমারকার ভাষা আমারকার গর্ব সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি পরিবারের’ সদস্যা রীতা দাস দত্তের ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্গোৎসবের প্রাক্কালে গ্রামের প্রায় ৯০ জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। উৎসবের মুখে নতুন পোশাক পেয়ে লোধা পাড়ার মহিলাদের মধ্যে খুশির আবহ তৈরি হয়।
অনুষ্ঠানে উপস্থিত সুবর্ণরৈখিক পরিবারের সদস্য বিশ্বজিৎ পাল জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই দুর্গাপূজার আসল সার্থকতা বজায় থাকে। সেই লক্ষ্যেই তাঁরা লোধা সম্প্রদায়ের মা-বোনেদের পাশে দাঁড়িয়েছেন। বস্ত্র বিতরণ মঞ্চ থেকে রীতা দেবী ঘোষণা করেন, শবর-জননী মহাশ্বেতা দেবীর অবর্তমানে তিনি নিজেই ছোট বোন হিসেবে এই লোধা পল্লির মানুষের পাশে থাকবেন। সরকারিভাবে বিশেষভাবে দুর্বল ও অনগ্রসর জনজাতি গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও সচেতনতার অভাবে লোধারা এখনও বহু সরকারি প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত। সেই অচলাবস্থা কাটাতে তিনি প্রতি মাসে একবার করে গ্রামে এসে বাড়ি বাড়ি ঘুরে অভাব-অভিযোগ নথিবদ্ধ করবেন এবং তা সমাধানের জন্য প্রশাসনের নজরে আনবেন।
এ দিন বস্ত্র বিতরণের পাশাপাশি গ্রামের ৬০ জন পড়ুয়ার হাতে খাতা, কলম ও চকোলেট তুলে দেওয়া হয়। একই সঙ্গে মহিলাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিলি করেন রীতা দেবী। স্থানীয় শিক্ষক পুলকেশ ভক্তা, সমীর সিট, দেবাশীষ খিলারি, মিঠুন পাত্র-সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই মানবিক অনুষ্ঠানে সামিল হন। সভার শেষে গ্রামের তিন শতাধিক মানুষের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। লোধা পল্লির সামগ্রিক কল্যাণে এ ধরনের আন্তরিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।









