নয়াদিল্লি: অলিম্পিক পদকজয়ী মীরাবাঈ চানুর কাঁধে ভর করেই চিনের মাটিতে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে নামছে ভারত। চিনের নিংবো শহরে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেগা টুর্নামেন্টে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন এই মণিপুরি তারকা। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতা অর্জনের দশটি পর্বের মধ্যে এটিই প্রথম ধাপ। ফলে প্রায় পাঁচ শতাধিক অ্যাথলিটের ভিড়ে অলিম্পিকের টিকিট পাকা করার প্রথম অগ্নিপরীক্ষা শুরু হচ্ছে ভারতীয় শিবিরের।
টোকিয়ো অলিম্পিকে রুপোজয়ী মীরাবাঈয়ের জন্য এ বারের প্রতিযোগিতা এক নতুন অধ্যায়ের সূচনা। প্যারিস অলিম্পিক পর্যন্ত যে ৪৯ কেজি বিভাগে তিনি লড়েছিলেন, অলিম্পিক আসর থেকে সেই বিভাগটি বাদ পড়েছে। ফলে লস অ্যাঞ্জেলেসের প্রস্তুতি মাথায় রেখে এ বার থেকে নতুন ৫৩ কেজি বিভাগে অংশ নিচ্ছেন তিনি। তাঁর সঙ্গে একই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন জ্ঞানেশ্বরী যাদব। এ ছাড়া ৬১ কেজি বিভাগে রয়েছেন ঊষা ও নিরুপমা দেবী সেরাম। পুরুষদের প্লাস ১১০ কেজি বিভাগে দেশের হয়ে লড়বেন লভপ্রীত সিংহ।
অলিম্পিক যোগ্যতা অর্জনের নয়া নিয়ম অনুযায়ী, প্রতিটি অ্যাথলিটকে নির্দিষ্ট ওজনের ক্যাটাগরিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং পয়েন্ট সংগ্রহ করতে হবে। প্রতিটি এক কেজি উত্তোলনের জন্য মিলবে নির্দিষ্ট পয়েন্ট। যোগ্যতা অর্জনের পর্ব শেষে প্রতিটি বিভাগের শীর্ষ আটজন ভারোত্তোলক সরাসরি লস অ্যাঞ্জেলেসের টিকিট পাবেন। নতুন ওজনের চ্যালেঞ্জ সামলে ভারতীয় কন্যারা পদক ও অলিম্পিক পয়েন্ট ঝুলিতে ভরতে কতটা সফল হন, সে দিকেই তাকিয়ে ক্রীড়ামহল।









