সুনীপম মহাকুল, খড়িকা মাথানী, ঝাড়গ্রামঃ পর্যাপ্ত বৃষ্টিতে এবার মাঠে সোনার ফসল ফলার আশায় বুক বেঁধেছিলেন চাষিরা। কিন্তু এক রাতেই সব শেষ। সোমবার রাতে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম রেঞ্জের অন্তর্গত বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়াল ১০-১৫টি হাতির একটি দল। বিঘার পর বিঘা জমির ফসল মাড়িয়ে দিয়ে গেল তারা। আর তাতেই রীতিমতো মাথায় হাত এলাকার কৃষকদের। হাতির তাণ্ডবের পাশাপাশি এই ঘটনায় বনদপ্তরের ভূমিকা নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতের ওই হাতির দলটিতে দুটি পূর্ণবয়স্ক দাঁতাল এবং একটি হস্তিশাবক ছিল। রাতের অন্ধকারে তারা নয়াগ্রাম রেঞ্জের চৌকাপাথরা, ঘাগ্রিশোল, কেন্দুবনি, কুর্মিপাথরা-সহ একাধিক মৌজায় কৃষিজমিতে ঢুকে পড়ে। মাঠের পর মাঠ খেতের উপর দিয়ে রীতিমতো হেঁটে চলে যায় হাতির দলটি। এবছর আবহাওয়া অনুকূল থাকায় এবং পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ভালো ফলনের আশা করেছিলেন কৃষকরা। কিন্তু হাতির দলের পায়ের তলায় সেই ফসল এভাবে নষ্ট হতে দেখে চরম হতাশায় ভেঙে পড়েছেন তাঁরা।
এদিকে এই ঘটনার পর থেকেই বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, হাতির পালকে জঙ্গলে ফেরানোর বা ‘পুশব্যাক’ করার যে পদ্ধতি বনদপ্তর অবলম্বন করছে, তাতে পদ্ধতিগত গুরুতর ত্রুটি রয়েছে। সঠিক পরিকল্পনার অভাবেই হাতিগুলো বারবার লোকালয়ে ও চাষের জমিতে ঢুকে পড়ছে বলে দাবি তাঁদের।
সারা বছরের আয়ের উৎস এভাবে এক রাতে নষ্ট হয়ে যাওয়ায় অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। বনদপ্তর দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ না করলে আগামী দিনে বৃহত্তর ক্ষোভের আশঙ্কা রয়েছে এলাকায়।
অন্যদিকে নয়াগ্রামের ডাহিতে একটি বিষধর চন্দ্রবোড়া উদ্ধারের ঘটনায়ও বনদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।









