সেরা আটে সিন্ধু, ফরাসি রূপকথায় বিশ্বের এক নম্বর পোপভ

নয়াদিল্লি, ২৭ অক্টোবর: চেনা ফর্মের ঝলক দেখিয়ে বিশ্ব ব্যাডমিন্টনের শীর্ষ আটে প্রত্যাবর্তন ঘটালেন পিভি সিন্ধু। প্যারিসে ফরাসি ওপেন সুপার ৭৫০ প্রতিযোগিতায় রানার্স-আপ হয়ে বিশ্ব ক্রমতালিকায় এক লাফে তিন ধাপ উঠে অষ্টম স্থানে পৌঁছালেন দু’বারের অলিম্পিক পদকজয়ী এই ভারতীয় তারকা। ২০২২ সালের জানুয়ারির পর বিশ্ব ব্যাডমিন্টনের ক্রমতালিকায় এটাই সিন্ধুর সেরা অবস্থান। অন্য দিকে, ঘরের মাঠে খেতাব জিতে প্রথম ফরাসি পুরুষ শাটলার হিসেবে বিশ্বের এক নম্বর হওয়ার ঐতিহাসিক নজির গড়েছেন ক্রিস্তো পোপভ।

প্যারিসের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ংয়ের বিরুদ্ধে প্রথম গেমে দুরন্ত লড়াই করে ২১-১৬ ব্যবধানে জিতেছিলেন সিন্ধু। তবে পরবর্তী দুই গেমে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ পকেটে পুরে নেন আন। শিরোপা হাতছাড়া হলেও মরসুমের শেষ লগ্নে সিন্ধুর এই আগ্রাসী ছন্দ ভারতীয় শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে। চলতি সপ্তাহেই জার্মানিতে হাইলো ওপেনে দ্বিতীয় বাছাই হিসেবে কোর্টে নামছেন তিনি। এ ছাড়াও চিনের হাংঝৌতে মরসুমের শেষ মেগা আসর বিশ্ব ট্যুর ফাইনালসে জায়গা পাকা করাই এখন হায়দরাবাদি তারকার প্রধান লক্ষ্য।

সিন্ধুর পাশাপাশি ভারতীয় মহিলা ব্যাডমিন্টনে স্বস্তি বাড়িয়েছেন তরুণীরাও। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে বিশ্ব ক্রমতালিকায় ছ’ধাপ উঠে কেরিয়ারের সেরা ৩০ নম্বর স্থানে পৌঁছেছেন অস্মিতা চালিহা। ফলে সেরা ত্রিশের তালিকায় এখন সিন্ধুর পাশাপাশি ভারতের তানভি শর্মা, উন্নতি হুডা ও অস্মিতা— চার জন শাটলার রয়েছেন।

অন্য দিকে ফরাসি ওপেনের পুরুষ ফাইনালে ইন্দোনেশিয়ার মহম্মদ জাকি উবায়দিল্লাহকে হারিয়ে ইতিহাস লিখেছেন ক্রিস্তো পোপভ। দীর্ঘ আশি বছরের খরা কাটিয়ে প্রথম ফরাসি পুরুষ হিসেবে নিজের ঘরের মাঠে এই শিরোপা জয়ের পাশাপাশি তিনি ছিনিয়ে নিলেন বিশ্বের এক নম্বর আসনও। আর পুরুষ বিভাগে ভারতের লক্ষ্য সেন রয়েছেন চতুর্দশ স্থানে এবং আয়ুষ শেট্টি অবস্থান করছেন উনিশ নম্বরে।

Leave a Comment

আরও পড়ুন