তুষারের চাদরে বদ্রীনাথ, কাঁপছে দেবভূমি

দেরাদুন, ২ নভেম্বর: মাথায় বরফের ধবধবে টুপি পরে জাঁকিয়ে বসল শীত। রাতভর তুষারপাতে সাদা চাদরে ঢেকে গেল বদ্রীনাথ ধাম ও তার চারপাশের সুউচ্চ পাহাড়ি শৃঙ্গগুলি। আর সেই বরফের হাত ধরেই ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসে এক ধাক্কায় পারদ নামল তলানিতে। হাড়কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই দেবভূমির কোলে প্রকৃতির এই মায়াবী রূপ উপভোগ করছেন ভক্ত ও পর্যটকেরা। তবে চোখের আরাম মিললেও, হিমাঙ্কের কাছাকাছি নামা তাপমাত্রা আর ধারালো হিমেল হাওয়ায় স্থানীয় বাসিন্দা ও পুণ্যার্থীদের জীবন এখন রীতিমতো জবুথবু।

বদ্রীনাথের আগেই অবশ্য মরসুমের প্রথম ভারী তুষারপাতের সাক্ষী থেকেছে কেদারনাথ ধাম। গত ২৯ অক্টোবর থেকেই সেখানে দফায় দফায় বরফ পড়ছিল, যা সংলগ্ন পাহাড়ি চত্বরকে মুড়ে দিয়েছিল পুরু সাদা স্তরে। উচ্চ পার্বত্য অঞ্চলে বরফ পড়ার পাশাপাশি রাজ্যের পাহাড়ি জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টিপাতের দাপট। দেরাদুন আবহাওয়া দফতরের অধিকর্তা সি এস তোমর জানিয়েছেন, উত্তরকাশী, তেহরি ও হরিদ্বারের বেশ কিছু এলাকায় দফায় দফায় ভারী বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে কুমায়ুন অঞ্চলে এখনও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের পার্বত্য জেলাগুলিতে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, তবে সামগ্রিক ভাবে মেঘের দাপট ধীরে ধীরে কমবে। বৃষ্টি কমলেও তুষারপাতের জোড়া ফলায় দেবভূমিতে যে সময়ের আগেই শীতের দাপট শুরু হয়ে গেল, তা নিয়ে কোনও সংশয় নেই আবহবিদদের।

Leave a Comment

আরও পড়ুন