নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: সন্দেহের বশে নিজের কাকাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি; চিকিৎসাধীন অবস্থাতেই প্রাণ হারান ওই ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের মাশাড় শালবনী এলাকায়। ঘটনার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বিপিন সিংহ নামে ওই অভিযুক্ত ব্যক্তি নিজের বাড়িতে ফিরে দেখেন তাঁর স্ত্রী ও ছোট্ট সন্তানের সঙ্গে গল্প ও হাসি-মশকরা করছেন কাকা দুলাল সিংহ। এই দৃশ্য দেখে আচমকাই সন্দেহের বশে চরম উত্তেজিত হয়ে পড়েন বিপিন। অভিযোগ, এর পরই একটি বাঁশের লাঠি এনে তিনি কাকার ওপর চড়াও হন এবং সরাসরি তাঁর মাথায় সজোরে আঘাত করেন। লাঠির ঘায়ে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দুলালবাবু।
রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে দ্রুত ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই এলাকা ছেড়ে গা-ঢাকা দেন অভিযুক্ত ভাইপো।
ঘটনার পর রাতেই নিহতের পরিবারের পক্ষ থেকে সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনার মাত্র পাঁচ ঘণ্টার মাথায় অভিযুক্ত বিপিন সিংহকে তাঁর বাড়ি সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ।
মঙ্গলবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়। অন্যদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পারিবারিক সন্দেহের জেরে এমন নৃশংস হত্যাকাণ্ডে গোটা মাশাড় শালবনী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।









