পুণে: উন্নতমানের নগর পরিকাঠামোই ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি আরও ত্বরান্বিত করবে— মঙ্গলবার পুণে মেট্রোর তিন নম্বর লাইনের (গোলাপি লাইন) উদ্বোধনে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করে তিনি জানান, ২০১৪ সালের আগে দেশে সাকুল্যে ২৪৮ কিলোমিটার মেট্রো নেটওয়ার্ক চালু ছিল, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,২০০ কিলোমিটারে।
এ দিন পুণে শহরের জন্য মোট প্রায় ২১,৮০০ কোটি টাকার মেট্রো প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ৮,৩০০ কোটি টাকারও বেশি খরচে নির্মিত ২৩ কিলোমিটার দীর্ঘ নতুন মেট্রো করিডোরটির উদ্বোধন করা হয়। এই পথটি তথ্যপ্রযুক্তি তালুক হিঞ্জেওয়াড়ি থেকে জেলা আদালত চত্বর পর্যন্ত যোগাযোগ স্থাপন করবে। এর ফলে কয়েক হাজার তথ্যপ্রযুক্তি কর্মী ও নিত্যযাত্রীর দৈনন্দিন যাতায়াত সুগম হওয়ার পাশাপাশি শহরের যানজট ও ব্যক্তিগত গাড়ির ওপর চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
পরিবেশবান্ধব ও আধুনিক এই ব্যবস্থার প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎ মেটানো হবে সৌরশক্তির মাধ্যমে। পাশাপাশি সম্পূর্ণ এই লাইনের ট্রেন চালনার দায়িত্বে থাকছেন মহিলা চালকেরা।
এ ছাড়া প্রায় ১৩,৫০০ কোটি টাকা ব্যয়ে পুণে মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজেরও এ দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই পর্যায়ের অধীনে চারটি পৃথক নতুন রুটের কাজ অন্তর্ভুক্ত থাকবে, যা শহরের একাধিক গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র এবং তথ্যপ্রযুক্তি হাবগুলিকে মেট্রো সংযোগের আওতায় নিয়ে আসবে।









