লোধাশুলীতে ফের তাণ্ডব রামলালের, ভাঙচুর অ্যাম্বুল্যান্সে

ঝাড়গ্রাম, ১৬ নভেম্বর: লোধাশুলী রেঞ্জ এলাকায় ফের আতঙ্ক ছড়াল দলছুট দাঁতাল রামলাল। পেনিয়াভাঙ্গা গ্রামে ঢুকে নকুল মাহাতোর বাড়িতে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেস সরকারের একটি অচল অ্যাম্বুল্যান্সে হামলা চালিয়ে ভাঙচুর করল হাতিটি। সোমবার সকাল থেকেই পেনিয়াভাঙ্গার কুচলাতলা এলাকায় রামলাল অবস্থান করায় গোটা গ্রামে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় ও বন দফতর সূত্রে খবর, লোধাশুলী বিট ও রেঞ্জের অন্তর্গত পেনিয়াভাঙ্গা গ্রামে আচমকাই হানা দেয় রামলাল। নকুল মাহাতোর বাড়ির চত্বরে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা ওই অ্যাম্বুল্যান্সটির ওপর চড়াও হয় দাঁতালটি। শুঁড় ও দাঁতের আঘাতে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। ঘটনার পর সকালের দিকে হাতিটিকে পেনিয়াভাঙ্গার কুচলাতলা সংলগ্ন জঙ্গলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বনকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মতে, ইদানীং রামলালের আচরণে ব্যাপক পরিবর্তন এসেছে এবং হাতিটি আগের তুলনায় অনেক বেশি আগ্রাসী ও বিপজ্জনক হয়ে উঠেছে। যে কোনও মুহূর্তে বড়সড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে গ্রামবাসীদের সতর্ক করে হাতিটির কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন লোধাশুলী রেঞ্জের বনকর্মীরা।

Leave a Comment

আরও পড়ুন