ঝাড়গ্রাম, ১৮ নভেম্বর: পারিবারিক বিবাদের জেরে কুয়োর দড়ি বেয়ে নীচে নেমে পড়েছিলেন এক যুবক। শেষ পর্যন্ত পুলিশ ও দমকল বাহিনীর যৌথ চেষ্টায় নিরাপদে উদ্ধার করা হল তাঁকে। ঘটনাটি ঝাড়গ্রাম শহরের নতুন পল্লির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের ওই যুবকের নাম সুনীল সেতুয়া। পরিবারের দাবি, নেশার ঘোরে কুয়োর দড়ি বেয়ে নীচে নেমে গিয়েছিলেন সুনীল। কুয়োর ভিতর থেকে তীব্র চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং ঝাড়গ্রাম থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারকাজ শুরু হলে গলা পর্যন্ত জলে ডোবা অবস্থায় সুনীল চিৎকার করে বলতে থাকেন, “আমি মরতে চাই।” উদ্ধারকারীদের সঙ্গে দড়ি নিয়ে টানাটানিও চলে। শেষমেশ দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টা ও পুলিশের সহযোগিতায় তাঁকে নিরাপদে উপরে তুলে আনা সম্ভব হয়। উদ্ধারের পর সুনীলকে দ্রুত ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। থানা সূত্রে জানা গিয়েছে, যুবকের বাড়ি নতুন পল্লি এলাকাতেই। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।









