ঝাড়গ্রাম পুরসভার ১৩ জন কাউন্সিলরের পদত্যাগের পর নতুন প্রশাসনিক পরিস্থিতির প্রেক্ষিতে মঙ্গলবার থেকে পুরসভার পরিষেবা পরিচালনার ঘোষণা দিল ভারতীয় জনতা পার্টি। ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক বলেন, জেলা সভাপতির অনুমতিক্রমে বিজেপি পুরসভার পরিষেবা পরিচালনার দায়িত্ব নেবে। তাঁর দাবি, ঝাড়গ্রাম শহরের প্রায় এক লক্ষ মানুষের স্বার্থে পানীয় জল, নিকাশি, পরিচ্ছন্নতা, রাস্তা নির্মাণ-সহ সমস্ত নাগরিক পরিষেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।
পূর্ববর্তী পুরবোর্ডের সমালোচনা করে লক্ষ্মীকান্ত সাউ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঝাড়গ্রাম শহরের নাগরিক পরিষেবা অবহেলিত হয়েছে। রাস্তা, নিকাশি ও পানীয় জলের মতো মৌলিক সমস্যার স্থায়ী সমাধান করা হয়নি। মানুষের প্রত্যাশা পূরণে বিজেপি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করবে বলেও তিনি জানান।
বিধায়কের দাবি, ঝাড়গ্রাম পুরসভা গঠনের পর বহু বছর কেটে গেলেও পরিকল্পিত উন্নয়ন হয়নি। শহরের জন্য নতুন করে একটি ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরি করে পরিকল্পিত উন্নয়নের কাজ শুরু করা হবে। পশ্চিমবঙ্গের একমাত্র ‘বন্য শহর’ হিসেবে পরিচিত ঝাড়গ্রামের পরিবেশগত বৈশিষ্ট্য বজায় রেখেই রাস্তা, নিকাশি, পানীয় জল ও অন্যান্য নাগরিক পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন-সহ বিভিন্ন প্রকল্পের অর্থ যথাযথভাবে কাজে লাগানোর কথাও বলেন তিনি।









