নয়াদিল্লি: নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চলছে। সেখানে বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশন মঙ্গলবার দশম দিনে পা দিয়েছে। কিন্তু এই আন্দোলনের মাঝেই হঠাৎ করে নেটপাড়ার সমস্ত আলো গিয়ে পড়েছে ককটোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের খাবারের থালার ওপর। অনশনরত ওয়াংচুকের পাশে বসে অভিজিতের ব্রেড পকোড়া, নুডুলস এবং কচুরি খাওয়ার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র কটাক্ষ ও ট্রোলিং। সমালোচকদের প্রশ্ন, যেখানে মূল দাবি নিয়ে একজন প্রবীণ মানুষ অনশন করছেন, সেখানে আন্দোলনের প্রধান উদ্যোক্তা নিজে কীভাবে মঞ্চে বসে দেদার খাবার খাচ্ছেন? এই বিতর্কের মুখে পড়ে অবশেষে মুখ খুলেছেন সিজেপি প্রধান অভিজিৎ দিপক। ‘দিল্লি তক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ট্রোলিংকে আসল সমস্যা থেকে সাধারণ মানুষের নজর ঘোরানোর এক ‘শিশুসুলভ প্রচেষ্টা’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, ভাইরাল হওয়া ভিডিওগুলি সম্পূর্ণ প্রেক্ষাপট ছাড়াই ভুলভাবে ছড়ানো হচ্ছে। অভিজিৎ বলেন, “ওই ভিডিওটি সোনম স্যারের অনশন শুরু করার আগের। স্যার তখন ইউরোপে একটি জলবায়ু সম্মেলনে থাকায় আন্দোলনের প্রায় ৮-১০ দিন পর আমাদের সঙ্গে যোগ দেন। ভিডিওটি তাঁর আসার আগের সময়ের।” কোর কমিটির সদস্যরা কেন অনশন করছেন না, তার ব্যাখ্যা দিয়ে তিনি জানান যে এই সিদ্ধান্ত স্বয়ং সোনম ওয়াংচুকই নিয়েছিলেন। অভিজিতের কথায়, “সোনম স্যার নিজেই আমাদের বলেছিলেন যে কোর কমিটির সদস্যদের অনশন করার প্রয়োজন নেই, কারণ আন্দোলন পরিচালনা করার জন্য কারও তো শক্তি থাকা দরকার। সবাই অনশনে বসলে হাজার হাজার আন্দোলনকারীকে কে সামলাবে বা পুলিশের সঙ্গেই বা কে প্রতিনিয়ত সমন্বয় রাখবে?” এর পাশাপাশি অভিজিৎ জানান যে তাঁর নিজের মারাত্মক মাইগ্রেনের সমস্যা রয়েছে, যার কারণে অনশন করা তাঁর পক্ষে কঠিন। অন্যদিকে সোনম ওয়াংচুকের অতীতেও দীর্ঘ সময় অনশন করার অভিজ্ঞতা রয়েছে। এদিকে টানা অনশনের জেরে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁর ওজন প্রায় ৫ কেজি কমে গিয়েছে। অভিজিৎ প্রকাশ করেছেন যে ওয়াংচুকের স্বাস্থ্যের কথা চিন্তা করে তিনি নিজে তাঁকে অনশন প্রত্যাহার করার অনুরোধ করেছিলেন, কিন্তু শিক্ষামন্ত্রীর অপসারণ না হওয়া পর্যন্ত ওয়াংচুক নিজের দাবিতে অনড় রয়েছেন। উল্লেখ্য, মে মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক বিতর্কিত মন্তব্যের পর এই ‘ককটোচ জনতা পার্টি’ নামক ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলনের সূচনা হয়েছিল, যা পরে নিট পরীক্ষার্থীদের সমর্থনে রাজপথের গণবিক্ষোভের রূপ নেয়। আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম-এর মতো একাধিক বিরোধী দলের শীর্ষ নেতারা এই আন্দোলনকে সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত আন্দোলনকারীদের দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।









