নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: দেশের বিচারব্যবস্থাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে এবং আইনি শিক্ষায় যুগান্তকারী বদল আনতে এবার বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র। আইনি পাঠক্রমে হিন্দি-সহ অন্যান্য আঞ্চলিক ভাষার অন্তর্ভুক্তি ঘটাতে দশ বছরের এক দীর্ঘমেয়াদি রূপরেখা বা ‘পার্সপেক্টিভ অ্যাকশন প্ল্যান’ তৈরির কাজ শুরু করেছে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের অধীনস্থ আইনি বিষয়ক দফতর এবং বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই)। শনিবার এই বিষয়ে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়, যার মূল বিষয়বস্তু ছিল—’আঞ্চলিক ভাষার অন্তর্ভুক্তির মাধ্যমে আইনি শিক্ষার শক্তিশালীকরণ’। এই নতুন কাঠামোয় মাতৃভাষার প্রসারে জোর দেওয়া হলেও, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সংযোগকারী ভাষা হিসেবে ইংরেজির গুরুত্বও সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখা হয়েছে।
আইনি শিক্ষাকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক এবং সর্বজনীন করে তোলার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী ট্রাইব্যুনালের চেয়ারপার্সন তথা বিসিআই-এর আইনি শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারপার্সন বিচারপতি রাজেন্দ্র মেনন, রাজ্যসভার সাংসদ ও বিসিআই চেয়ারম্যান মনন কুমার মিশ্র এবং আইনি বিষয়ক দফতরের সচিব ড. রাজীব মণি। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় আইন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য, শিক্ষাবিদ এবং বার কাউন্সিলের সদস্যেরা এই আলোচনায় অংশ নেন। সম্মেলনে মূলত একটি সুপরিকল্পিত এবং পর্যায়ক্রমিক কাঠামোর ওপর জোর দেওয়া হয়েছে, যাতে শিক্ষার মানের সঙ্গে বিন্দুমাত্র আপস না করেই দ্বিভাষিক বা বহুভাষিক শিক্ষা মডেল বাস্তবায়ন করা যায়। বিশেষজ্ঞদের অভিমত, যে সমস্ত পড়ুয়া ভবিষ্যতে জেলা ও নিম্ন আদালতে আইনি পেশায় যুক্ত হতে চান, মাতৃভাষায় আইনের পাঠ তাঁদের আইনি বিচারবোধ এবং সাধারণ মানুষকে আইনি পরিষেবা দেওয়ার ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি করবে।
এই বহুভাষিক কাঠামোর সফল বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে এ দিনের সম্মেলনে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত অনুবাদ সরঞ্জাম, ডিজিটাল আইনি ভাণ্ডার এবং প্রমিত আইনি শব্দকোষ বা ডেটাবেস তৈরির সম্ভাবনার কথা উঠে এসেছে আলোচনায়। তবে আইনি পরিভাষার নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে এই প্রযুক্তিগত সমাধানগুলিকে ভাষা ও আইন বিশেষজ্ঞদের দ্বারা কঠোরভাবে যাচাই করার পক্ষপাতী উপস্থিত প্রতিনিধিরা।
ভবিষ্যতের কর্মসূচি হিসেবে, আইনি শিক্ষায় ভারতীয় ভাষার ব্যবহার নিয়ে একটি ‘জাতীয় ঘোষণাপত্র’ বা ন্যাশনাল ডিক্ল্যারেশন তৈরির বিষয়ে সম্মেলনে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে এই দশ বছরের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি পুরো প্রক্রিয়াটির সুষ্ঠু বাস্তবায়ন এবং নজরদারির জন্য আইন দফতর ও বার কাউন্সিলের যৌথ উদ্যোগে একটি ‘জাতীয় স্টিয়ারিং কমিটি’ গঠন করা হবে। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার বৃহত্তর দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে, দেশের প্রতিটি নাগরিকের জন্য উচ্চমানের ও সুলভ আইনি পরিকাঠামো নিশ্চিত করতেই এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।









