একরাতের টানা বৃষ্টিতে কেশিয়াড়ি-খড়্গপুর রাজ্য সড়কের লেঙ্গামারা পোলে এক হাঁটু জল, চরম ভোগান্তিতে পথচলতি মানুষ

নিজস্ব সংবাদদাতা: একরাতের টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কেশিয়াড়ি-খড়্গপুর রাজ্য সড়কের হাতিগেড়িয়া লেঙ্গামারা পোল সংলগ্ন এলাকা। রাস্তার উপর প্রায় এক হাঁটু জল জমে যাওয়ায় কার্যত ব্যাহত হয়েছে যান চলাচল। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী, সাধারণ মানুষ এবং যানবাহনের চালকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিকাশি ব্যবস্থার গোলযোগ এবং পোল সংলগ্ন নিচু এলাকায় জল বেরোনোর উপযুক্ত পথ না থাকায় সামান্য বৃষ্টিতেই এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। তবে রবিবার রাতের টানা ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি আরও মারাত্মক রূপ নেয়। সোমবার সকালে দেখা যায়, রাজ্য সড়কের উপর বেশ কিছু দূর পর্যন্ত এক হাঁটু জল থৈ থৈ করছে।

এই জলযন্ত্রণার কারণে বাইক, চার চাকার গাড়ি থেকে শুরু করে বাস চলাচলেও চরম বিঘ্ন ঘটছে। অনেক ক্ষেত্রে ছোট যানবাহনের ইঞ্জিনে জল ঢুকে রাস্তায় গাড়ি খারাপ হয়ে যেতে দেখা যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ওই এলাকার নিকাশি নালা পরিষ্কার এবং ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধানের জন্য স্থানীয় ও মহকুমা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

Leave a Comment

আরও পড়ুন