ঝাড়গ্রামে বহুতল গড়তে শাল গাছে ‘বিষপ্রয়োগ’, নির্বিকার প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: একদিকে সবুজে ঘেরা শালবনের নৈসর্গিক রূপ, অন্যদিকে কংক্রিটের জঙ্গলে মাথা গুঁজে থাকা প্রাণহীন, পাতাহীন শুকনো কাঠ। উন্নয়নের নামে এভাবেই কি একটু একটু করে শেষ করে দেওয়া হচ্ছে জঙ্গলমহলের প্রাণভোমরাকে? ঝাড়গ্রাম শহরের বুকে মাথা তোলা একের পর এক বহুতল আর শপিং মলের চাকচিক্যের আড়ালে এবার সামনে এল এমনই এক ভয়ংকর ছবি। অভিযোগ, শহরের বুকে বহুতল বা অ্যাপার্টমেন্ট তৈরির জায়গা পরিষ্কার করতে রীতিমতো বিষপ্রয়োগ করে খুন করা হচ্ছে বহু পুরনো শাল গাছগুলিকে! আর এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ঝাড়গ্রামের নাগরিক সমাজে।

সম্প্রতি দুটি ছবির তুল্যমূল্য বিচারের মাধ্যমে ঝাড়গ্রামের এই রূঢ় বাস্তবকে তুলে ধরেছেন স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ আচার্য। একটি ছবিতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে সগর্বে দাঁড়িয়ে রয়েছে সতেজ, সবুজ শাল গাছ। আর অন্য ছবিতে শহরের এক সুউচ্চ বহুতল এবং শপিং মলের সামনে দাঁড়িয়ে রয়েছে সারি সারি মৃত শাল গাছের কঙ্কালসার চেহারা। ইন্দ্রজিৎবাবুর বিস্ফোরক অভিযোগ, “শহরের অভ্যন্তরে একের পর এক অ্যাপার্টমেন্ট বানানো হচ্ছে। আর সেই জায়গা ফাঁকা করতেই সুপরিকল্পিতভাবে শালগাছগুলোতে বিষক্রিয়া ঘটানো হচ্ছে। কেউ এর প্রতিবাদ জানাচ্ছেন, আবার কেউ এই সুযোগে নিজেদের পকেট ভরাতে ব্যস্ত।”

উন্নয়নের নামে এই নির্মম পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কেন বৃহত্তর ছাত্র বা যুব আন্দোলন গড়ে উঠছে না, তা নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন ওই বাসিন্দা। বর্তমান প্রজন্মের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, রাজনীতির আশ্রয়ে বড় বড় ছাত্র আন্দোলন হতে পারে, কিন্তু পরিবেশ বাঁচানোর এই লড়াইয়ে জেন জি বা জেন আলফা কখনও রাস্তায় নেমে আন্দোলন করে না।

একদিকে যখন বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এবং বৃক্ষরোপণ নিয়ে চর্চা চলছে, তখন ঝাড়গ্রাম শহরের বুকে দিনের পর দিন এই ‘সবুজ-হত্যা’ চললেও প্রশাসন কেন নীরব, তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। প্রমোটার রাজ আর কংক্রিটের আগ্রাসনে কি এভাবেই হারিয়ে যাবে জঙ্গলমহলের অকৃত্রিম সৌন্দর্য? উত্তর খুঁজছেন পরিবেশপ্রেমীরা।

Leave a Comment

আরও পড়ুন