‘জল বওয়ার’ মন্তব্যে খামোখা জলঘোলা! বৈভবের ক্রিকেট-মৃত্যু এখনই লিখে দেওয়া যায় না, নিন্দুকদের তোপ অশ্বিনের

নয়াদিল্লি: পনেরো বছরের এক তরুণের কাঁধে প্রথম দিন থেকেই বিরাট কোহলি বা রোহিত শর্মার প্রত্যাশার বোঝা চাপিয়ে দেওয়াটা যে নিছকই বোকামি, তা কড়া ভাষায় মনে করিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি ১৫ বছর বয়সি বিস্ময়-ব্যাটার বৈভব সূর্যবংশীকে নিয়ে করা তাঁর একটি মন্তব্য ঘিরে বিস্তর জলঘোলা হয়েছিল। অশ্বিন বলেছিলেন, প্রথম একাদশে সুযোগ না পেলে বৈভব দলের হয়ে জল টানতে পারে। এই মন্তব্যকে অনেকেই ‘অপমানজনক’ বলে দেগে দিয়েছিলেন। এবার নিজের ইউটিউব চ্যানেলে সেই বিতর্কেই জল ঢাললেন ভারতের প্রাক্তন স্পিনার। সাফ বুঝিয়ে দিলেন, তাঁর কথার নেপথ্যে ছিল স্রেফ এক সিনিয়র ক্রিকেটারের শিক্ষাদর্শন, কোনও সস্তা কটাক্ষ নয়।

নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে অশ্বিনের স্পষ্ট বক্তব্য, “আমি আগে বলেছিলাম যে বৈভব সূর্যবংশী ‘সময় কাটাতে পারে, কাউকে জল এগিয়ে দিতে পারে, বাইরে বসে থাকতে পারে।’ এটা মোটেও কোনও অপমানজনক অর্থে বলা ছিল না। আমি বলতে চেয়েছিলাম যে ওখান থেকে সে অনেক কিছু শিখতে পারবে। ওর সামনে শেখার এত বড় একটা রাস্তা পড়ে আছে যে, সে যদি বাইরে বসেও খেলাটা পর্যবেক্ষণ করে, তবে সে আরও ভালো ক্রিকেটার হয়ে উঠবে। ওকে দলে নেওয়া বা বাদ দেওয়া নিয়ে কথা বলবেন না – ওকে ওর মতো থাকতে দিন, ওকে বিকশিত হতে দিন। ও একজন সত্যিই অসাধারণ খেলোয়াড় হয়ে উঠবে।”

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেকটা মোটেও সুখের হয়নি বৈভবের। তিন ম্যাচে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ১৪, ১৩ এবং ১৫। বিশেষ করে ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের বাউন্সারের সামনে রীতিমতো খাবি খেতে হয়েছিল তাঁকে। কিন্তু সমালোচকদের মুখ বন্ধ করে জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজেই চেনা ছন্দে ফিরে আসেন তিনি। তিন ম্যাচে ৫০.৩৩ গড় এবং ১৯৬.১০ স্ট্রাইক রেটে ১৫১ রান (যার মধ্যে একটি হাফসেঞ্চুরি এবং সিরিজের শেষ ম্যাচে ৮১ রানের অনবদ্য ইনিংস রয়েছে) করে একাই জিতে নেন ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’-এর খেতাব।

আর্চারের শর্ট বলের সামনে বৈভবের তথাকথিত ‘ব্যর্থতা’ নিয়ে যাঁরা গেল গেল রব তুলেছিলেন, তাঁদের একহাত নিয়ে অশ্বিন টেনে এনেছেন খোদ রিকি পন্টিংয়ের উদাহরণ। তাঁর কথায়, “আপনার কী মনে হয়, শর্ট বলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ব্যাটার কে? রিকি পন্টিং? তিনি কি কখনও শর্ট বলে আউট হননি? তিনিও আউট হয়েছেন। তাই আমাদের বুঝতে হবে প্রত্যেকেরই শক্তি আছে, প্রত্যেকেরই দুর্বলতা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে এসব খুব সাধারণ ব্যাপার। বিষয়টা সোজা — নিজের শক্তিগুলো দেখাও, দুর্বলতাগুলো লুকিয়ে রাখো, আর পর্দার আড়ালে সেগুলো নিয়ে কাজ করতে থাকো। এত সব প্রশ্ন… ট্রেন্ট ব্রিজে জোফ্রা আর্চারের বিরুদ্ধে ও কতবার খেলেছে? এগুলো সবই অভিজ্ঞতা। আমরা এখনই ওর শোকসংবাদ (অবিচুয়ারি) লিখে ফেলতে পারি না। এভাবে কাউকে স্রেফ বাতিল করে দেওয়া যায় না।”

আইপিএলের আকাশছোঁয়া পারফরম্যান্সই যে এই কিশোরের উপর প্রত্যাশার পারদ অযথা বাড়িয়ে দিয়েছে, সেই রূঢ় বাস্তবটাও মনে করিয়ে দিয়েছেন অশ্বিন। তাঁর সংযোজন, “ও তো খুব ছোট একটা বাচ্চা। সমস্যা হল, আমরা ওকে এত উঁচুতে রেটিং দিয়ে ফেলেছি; আইপিএলে ও এত ভালো পারফর্ম করেছে যে প্রত্যাশা আকাশ ছুঁয়েছে। আমরা আশা করি ও প্রতি ম্যাচে বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো পারফর্ম করবে, ধারাবাহিকভাবে খেলে যাবে। ব্যাপারটা ওভাবে কাজ করে না। জীবনে যেমন ওঠাপড়া থাকে, ক্রিকেটেও থাকে।”

Leave a Comment

আরও পড়ুন