নয়াদিল্লি, ২৯ জুলাই: গুরুপূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় গুরু-শিষ্য পরম্পরার মাহাত্ম্য তুলে ধরে তিনি বলেন, একজন গুরু শুধু জ্ঞানই দান করেন না, শিষ্যের জীবনে ইতিবাচক শক্তি, সৎ চিন্তা ও উন্নত মূল্যবোধেরও সঞ্চার ঘটান।
বুধবার সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “গুরুপূর্ণিমা উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। গুরু জ্ঞানদানের পাশাপাশি শিষ্যের জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার করেন। তিনি সৎ চিন্তা, সংস্কার ও মূল্যবোধের শিক্ষা দেন। আসুন, আমরা সকলেই তাঁদের আদর্শকে জীবনের ভিত্তি করে এগিয়ে চলি।”
প্রধানমন্ত্রী তাঁর বার্তার সঙ্গে একটি সংস্কৃত শ্লোকও ভাগ করে নেন। সেই শ্লোকের ব্যাখ্যায় তিনি বলেন, একজন গুরু মানুষের জীবনে সঠিক দিশা দেখান, জ্ঞান ও সত্যের শিক্ষা দেন, ন্যায় ও ধর্মের পথে পরিচালিত করেন, জীবনবোধ জাগিয়ে তোলেন এবং আত্মোন্নয়নের পথ সুগম করেন। তাঁর কথায়, “এই ছয়টি রূপেই গুরুর প্রকৃত মাহাত্ম্য প্রকাশ পায়।”
গুরুপূর্ণিমা উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে গুরুর স্থান সর্বোচ্চ, কারণ তিনি জ্ঞানের অমৃত দিয়ে শিষ্যের জীবনকে সমৃদ্ধ করেন। শিক্ষাদানের পাশাপাশি একজন প্রকৃত গুরু চরিত্র গঠনের মাধ্যমে শক্তিশালী সমাজ ও জাতি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, গুরু কেবল বিদ্যা প্রদানকারী নন, তিনি মূল্যবোধ ও চরিত্র গঠনের অন্যতম নির্মাতা। ভারতের সাংস্কৃতিক চেতনায় গুরু-শিষ্য পরম্পরা এক অমূল্য ঐতিহ্য, যা যুগের পর যুগ মানুষকে সত্য, সেবা, আত্মনিবেদন ও জাতীয় কর্তব্যের পথে পরিচালিত করে এসেছে। তিনি এই দিনে দেশের সেবায় নিজেদের আরও নিবেদিত করার আহ্বান জানান।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও গুরুপূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বলেন, গুরু জ্ঞানের আলো, নৈতিকতা ও ধর্মের শিক্ষা দিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করেন। সনাতন ধর্মে গুরুর স্থান সর্বোচ্চ এবং তিনিই শিষ্যদের ধর্মচেতনা, প্রজ্ঞা ও দেশপ্রেমের পথে উদ্বুদ্ধ করেন।
প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরুপূর্ণিমা পালিত হয়। এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহর্ষি বেদব্যাস বেদ সংকলন এবং মহাভারত রচনার কৃতিত্ব অর্জন করেছিলেন। তাই তাঁকে আদিগুরু হিসেবেও শ্রদ্ধা জানানো হয়।
গুরুপূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে মন্দির, আশ্রম, শিক্ষা প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক সংগঠনগুলিতে বিশেষ পূজা, ধর্মীয় আলোচনা, গুরু বন্দনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিষ্যরা তাঁদের শিক্ষাগুরু ও আধ্যাত্মিক গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই দিনটি পালন করছেন।









