নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: জেলা পরিষদে অনাস্থা প্রস্তাব থেকে নতুন সভাধিপতি নির্বাচন— গোটা পর্বেই নিজেদের কোনও ভূমিকা নেই বলে বারবার দাবি করেছে বিজেপি। কিন্তু সেই দাবির আবহেই নতুন সভাধিপতি গৌরী তালধি নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গোপীবল্লভপুরে বিজেপির মণ্ডল কার্যালয়ে তাঁকে গেরুয়া উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হল। সেই ঘটনাকে ঘিরেই জঙ্গলমহলের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে জল্পনা।
বুধবার সন্ধ্যায় গোপীবল্লভপুর-১ ব্লকের পাঁচকাহানিয়া এলাকায় নয়াগ্রাম ৪ নম্বর মণ্ডল বিজেপির কার্যালয়ে গৌরীকে গেরুয়া উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন বিজেপি কর্মীদের একাংশ। সেই ছবি ছড়িয়ে পড়তেই গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয় অস্বস্তি। যদিও বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছেন গৌরী। তাঁর বক্তব্য, “আমি কোনও পার্টিতে যোগ দিইনি। ওটা শুধুই সংবর্ধনা ছিল।” তাঁর দাবি, মণ্ডল কার্যালয়টি তাঁর নিজের এলাকার। স্থানীয় বাসিন্দা হিসাবে তাঁকে যে কোনও দল বা সংগঠন সৌজন্যবশত সংবর্ধনা জানাতেই পারে।
তবে ঘটনাটিকে দলীয় কর্মসূচি বলে মানতে নারাজ নয়াগ্রাম ৪ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি ভাস্কর মণ্ডল। তাঁর দাবি, “আমি তখন মায়ের চিকিৎসার জন্য ওড়িশায় ছিলাম। এলাকার কর্মী-সমর্থকেরা আবেগের বশে এটা করে ফেলেছে। দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।” তাঁর আরও সাফাই, “দলের অনুমোদন ছাড়া মণ্ডল কার্যালয়ে এ ধরনের অনুষ্ঠান হওয়া উচিত হয়নি।”
সমাজমাধ্যমে বিজেপির ওই মণ্ডলেরই আইটি সেল-এর দায়িত্বপ্রাপ্ত এক কর্মীর পোস্ট ঘিরেও বিতর্ক দানা বেঁধেছে। ওই পোস্টে গৌরীকে ‘গোপীবল্লভপুরের এক সাধারণ ব্রাহ্মণ পরিবারের কন্যা’ বলে উল্লেখ করা হয়। সভাধিপতি পদ থেকে অপসারিত চিন্ময়ী মারান্ডি জনজাতি সাঁওতাল সম্প্রদায়ের। সাঁওতালদের সর্বভারতীয় সর্বোচ্চ সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সর্বভারতীয় প্রধান ‘দিশম পারগানা’ রবিন টুডু বলছেন, “জাতিগত পরিচয় সামনে এনে কি তবে আদিবাসীদের বঞ্চিত করে শুধু উচ্চবর্ণের স্বার্থেই কাজ করার বার্তা দেওয়া হচ্ছে!”
ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতোর দাবি, “জেলা পরিষদে ভাঙা-গড়ার খেলায় বিজেপি অথবা ঝাড়গ্রাম জেলা বিজেপির কোনও ভূমিকা নেই। পুরোটাই তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়।” মণ্ডল কার্যালয়ে গৌরীকে সংবর্ধনা, সমাজমাধ্যমে ব্রাহ্মণ বিতর্ক প্রসঙ্গে খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন তুফান।
অনাস্থা পর্বে অনুপস্থিত জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ কালীঘাট পন্থী তৃণমূলের সুমন সাহু বলছেন, “এই ভাঙা-গড়ার খেলায় আমি অন্তত কোনও গোষ্ঠী কোন্দলের টের পাইনি। এখন দেখার উন্নয়নের গতি কতটা দ্রুতগামী হয়।”









