বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের

নয়াদিল্লি: ভারত ও উজবেকিস্তানের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে যৌথ বিনিয়োগ, যৌথ উৎপাদন এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার নয়াদিল্লিতে আয়োজিত ‘ভারত-উজবেকিস্তান বিজনেস ফোরাম’-এ ভাষণ দেওয়ার সময় তিনি আগামী তিন বছরের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন যে, দুই দেশের পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং অর্থনৈতিক সমৃদ্ধির নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই কৌশলগত অংশীদারিত্ব বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময়। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে প্রায় ১.৫ বিলিয়ন ডলারে, যা দুই দেশের অর্থনৈতিক সক্ষমতার তুলনায় বেশ কম। তিনি জানান, ভারত তার বিশাল বাজার, দক্ষ কর্মীবাহিনী এবং উদ্ভাবনী ইকোসিস্টেম উজবেকিস্তানের কাছে তুলে ধরতে প্রস্তুত।

বাণিজ্য মন্ত্রী আরও জানান যে, ২০২৪ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত এবং ২০২৫ সালের মে মাসে কার্যকর হওয়া দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি (বিআইটি) একটি নির্দিষ্ট এবং নির্ভরযোগ্য বিনিয়োগের পরিবেশ তৈরি করবে, যা দীর্ঘমেয়াদী বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তুলতে ব্যবসায়ীদের উৎসাহিত করবে। উভয় দেশ যেসব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে, সেগুলির মধ্যে খনন শিল্প, বস্ত্র উৎপাদন, স্বাস্থ্যসেবা, কৃষি, ডিজিটাল প্রযুক্তি এবং উন্নত উৎপাদন শিল্প অন্যতম। উদাহরণস্বরূপ, উজবেকিস্তানের খনি খাতে ভারতীয় বিনিয়োগের দারুণ সুযোগ রয়েছে। আবার বস্ত্র শিল্পে উজবেকিস্তানের তুলা উৎপাদনের ক্ষমতা এবং ভারতে প্রযুক্তিগত দক্ষতা ও বিশ্ববাজারের অভিজ্ঞতার কারণে যৌথভাবে সুবিধা লাভ করা সম্ভব।

স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যালস খাতে সাশ্রয়ী মূল্যের ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, ডায়াগনস্টিকস, টেলিমেডিসিন এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে ভারত উজবেকিস্তানের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকীকরণে সহায়তা প্রদান করতে পারে। পাশাপশি আয়ুর্বেদ, যোগ এবং ইউনানির মতো প্রাচীন ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার ঐতিহাসিক বন্ধনকে পুনরুদ্ধারের ওপর তিনি জোর দেন। কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্যাকেজিং, কোল্ড চেইন ব্যবস্থাপনা এবং এগ্রি-টেক খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের কৃষকদের সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তথ্যপ্রযুক্তি এবং ডিজিটাল অর্থনীতিতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ফিনটেক ও মেডটেক নিয়ে কাজ করতে ভারতের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন পীযূষ গোয়েল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতি মির্জিয়োয়েভের দূরদর্শী নেতৃত্ব দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি ও দিকনির্দেশ এনে দিয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ত্বরান্বিত করতে তিনি শুল্ক বাধা কমানো, মান নিয়ন্ত্রণের সমন্বয় সাধন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ এবং কার্যকর বাণিজ্য পথ গড়ে তোলার পরামর্শ দেন। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে দুই দেশের নিয়ন্ত্রক সংস্থা এবং মান-নির্ধারণকারী কর্তৃপক্ষের মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। পরিশেষে উভয় দেশের সংস্থাগুলিকে “সহ-বিনিয়োগ, সহ-উৎপাদন এবং সহ-উদ্ভাবনের” আহ্বান জানান কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী।

Leave a Comment

আরও পড়ুন