নয়াদিল্লি: দেশের জরুরি চিকিৎসা পরিষেবা জোরদার করা এবং সড়ক নিরাপত্তা বাড়াতে একাধিক নতুন উদ্যোগ নিল কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। এর জন্য ১৯৮৯ সালের সেন্ট্রাল মোটর ভেহিক্যালস রুলস সংশোধনের লক্ষ্যে দুটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে একটি প্রস্তাবনা হলো দুচাকার সড়ক অ্যাম্বুলেন্সের একটি সুনির্দিষ্ট আইনি পরিকাঠামো তৈরি করা এবং অপরটি হলো মোটর যানবাহনে ধাপে ধাপে ভেহিক্যাল-টু-ভেহিক্যাল বা গাড়ি থেকে গাড়িতে বার্তা আদান-প্রদানকারী যোগাযোগ ব্যবস্থা চালু করা। গ্রামীন, দুর্গম এবং পাহাড়ি এলাকায় যেখানে চার চাকার সাধারণ অ্যাম্বুলেন্স চলাচলে ব্যাঘাত ঘটে, সেখানে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মূলত এই দুচাকার অ্যাম্বুলেন্সের নিয়মাবলী আনছে মন্ত্রক।
বর্তমানে সেন্ট্রাল মোটর ভেহিক্যালস রুলসের অধীনে দুচাকার অ্যাম্বুলেন্সের আলাদা কোনো ক্যাটাগরি নেই। প্রস্তাবিত সংশোধনীতে জীবনদায়ী দুচাকার অ্যাম্বুলেন্স তৈরির ক্ষেত্রে এআইএস নিয়ম মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ অক্টোবর ২০২৭ সাল বা তারপরে তৈরি হওয়া এল ২ ক্যাটাগরির দুচাকার অ্যাম্বুলেন্সকে এই স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে এবং ট্রান্সপোর্ট ভেহিক্যাল হিসেবে প্রতি দুই বছর অন্তর এদের বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা দিতে হবে। অন্যদিকে, সড়ক নিরাপত্তা বাড়াতে এবং প্রযুক্তির মাধ্যমে দুর্ঘটনা কমাতে যানবাহনগুলির মধ্যে রিয়েল-টাইম তথ্য যেমন গতিবেগ, অবস্থান এবং দিক পরিবর্তনের খবর আদান-প্রদানের জন্য ভিটুভি প্রযুক্তি চালু করা হচ্ছে। ১ অক্টোবর ২০২৮ সাল থেকে সব নতুন যানবাহনে এই সিস্টেম থাকা বাধ্যতামূলক করা হতে পারে। প্রস্তাবিত দুটি খসড়া পোর্টালে প্রকাশ করা হয়েছে এবং ৩০ দিনের মধ্যে বিভিন্ন অংশীদারের মতামত পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।









