ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের (বিনপুর-১) লালগড় অঞ্চলের আমডাঙ্গা বুথে যুব ও দলের পাড়া বৈঠককে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। বৈঠকে বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ, বৈঠক চলাকালীন বিজেপির কয়েকজন কর্মী-সমর্থক সেখানে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে পরিস্থিতিতে স্থানীয় গ্রামবাসীরা প্রতিবাদ জানালে শেষ পর্যন্ত তাঁরা সেখান থেকে চলে যান বলে দাবি দলীয় নেতৃত্বের।
ঘটনার পর দলীয় কর্মী ও গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ দিন পর একই জায়গায় আরও বড় সভার আয়োজন করা হবে। সেই সভাকে ঘিরে কার্যত চ্যালেঞ্জের সুরও শোনা গিয়েছে দলীয় নেতৃত্বের বক্তব্যে।
তাঁদের বক্তব্য, গণতান্ত্রিক পরিবেশে মানুষের সঙ্গে কথা বলা এবং রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার সকলের রয়েছে। কোনও বাধার কাছে তাঁরা পিছিয়ে যাবেন না। আগামী দিনের সভায় আরও বেশি মানুষকে সঙ্গে নিয়ে এলাকায় রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হয়েছে।
তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই আগামী ২০ দিন পরের সভার দিকে এখন নজর রাজনৈতিক মহলের।









