লন্ডন: সোশ্যাল মিডিয়ায় লাগাতার ট্রোলিং এবং দল থেকে বাদ পড়ার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয় বাবর আজম। সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন পাক তারকা তথা প্রাক্তন কোচ ও নির্বাচক আজহার মেহমুদ এই বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। বাবরকে পাকিস্তানের ক্রিকেটের “একমাত্র সুপারস্টার” হিসেবে উল্লেখ করে প্রাক্তন খেলোয়াড় ও সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। মেহমুদের দাবি, বিনাকারণেই প্রাক্তন ক্রিকেটারদের একাংশ এবং সোশ্যাল মিডিয়া ট্রোলাররা নিয়মিত বাবরকে নিচে টেনে নামানোর চেষ্টা করে চলেছেন।
বাবরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরে আজহার মেহমুদ জানান, ইংল্যান্ড সিরিজের পর দল থেকে বাদ পড়ার সময় তিনি বাবরের সঙ্গে প্রায় পাঁচ মাস সময় কাটিয়েছিলেন। ওই সময় পাকিস্তানজুড়ে যেভাবে তাঁর সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছিল, তাতে বাবর ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়েছিলেন। মেহমুদ বলেন, “বাবর স্বভাবগতভাবেই লাজুক এবং ও অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আমাদের দেশে একটাই সুপারস্টার রয়েছে, আর আমরা প্রতিনিয়ত তাকে টেনে নামাতে ব্যস্ত।” তিনি আরও যোগ করেন, একজন খেলোয়াড় ও নেতা হিসেবে বাবরের এখনও কিছু উন্নতির জায়গা থাকলেও ও আগের চেয়ে অনেক পরিণত হয়েছে। তবে যখন ও অধিনায়ক থাকে না এবং প্রাপ্য সম্মান পায় না, তখন ও নিজের মধ্যে গুটিয়ে যায়।
এদিকে, চলতি ইংল্যান্ড সফরের প্রথম টেস্ট শুরুর আগে ফের চোটের সমস্যায় অনিশ্চিত হয়ে পড়েছেন বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাটিং করার সময় ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। এরপর গত সপ্তাহে বেকেনহামে ‘প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট ইলেভেন’-এর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও একই জায়গায় ফের আঘাত পান বাবর। ফলে বুধবার থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রাক্তন পাক অধিনায়কের মাঠে নামা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।









