কলকাতা: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে এক রুদ্ধশ্বাস থ্রিলারে জামশেদপুর এফসি-কে সাডেন ডেথে ৯-৮ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার সল্টলেকে নির্ধারিত ৯০ মিনিটের টানটান লড়াই ১-১ গোলে অমীমাংসিত থাকার পর ম্যাচ গড়ায় ম্যারাথন পেনাল্টি শুটআউটে। সেখানেও প্রথম ১৬টি স্পট কিক থেকেই গোল তুলে নেয় দু’দল। অবশেষে সাডেন ডেথে জামশেদপুরের লমসাংজুয়ালার শট অনবদ্য ক্ষিপ্রতায় আটকে দেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। এরপরই দলের হয়ে জয়সূচক পেনাল্টি জালে জড়িয়ে মেরিনার্সদের সেমিফাইনালে পৌঁছে দেন তেকচাম অভিষেক সিং।
এর আগে ম্যাচের শুরুতেই মাত্র দ্বিতীয় মিনিটে সাহাল আব্দুল সামাদের নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। প্রণয় হালদারের পাস থেকে বিপক্ষ রক্ষণের ভুলে বল পেয়ে দারুণ দক্ষতায় গোলটি করেন সাহাল। গোল হজম করার পর অবশ্য ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে জামশেদপুর এবং প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তারা সমতা ফেরায়। দূরপাল্লার শট বিশাল কাইথ পুরোপুরি ক্লিয়ার করতে না পারলে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন জামশেদপুরের দেবেন্দ্র মুরগাঁওকর। দ্বিতীয়ার্ধে দু’দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও কোনো পক্ষই গোলমুখ খুলতে পারেনি।
ম্যাচের অন্তিম মুহূর্তে বাগান আক্রমণভাগে অতিরিক্ত চাপ সৃষ্টি করলেও জামশেদপুরের রক্ষণভাগ শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলে এবং ইনজুরি টাইমে সায়নের দূরপাল্লার জোরালো শট আটকে দেন প্রতিপক্ষ গোলরক্ষক অ্যালবিনো। এই নাটকীয় জয়ের ফলে ডুরান্ড কাপের সেমিফাইনালে পা রাখল বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ চারের লড়াইয়ে মোহনবাগানকে খেলতে হবে শিলং লাজং এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি-র মধ্যে অন্য কোয়ার্টার ফাইনালের জয়ী দলের বিরুদ্ধে।









