গল: শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে প্রথম টেস্টের তৃতীয় দিনে ধারাভাষ্য দেওয়ার সময় লাইভ টিভিতে তর্কে জড়িয়ে পড়লেন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর এবং মুরলী কার্তিক। মধ্যাহ্নভোজের বিরতিতে স্টুডিও এবং মাঠের মধ্যে কথোপকথনের সময় এই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্টুডিওতে থাকা কার্তিক সরাসরি মঞ্জরেকরের কথা বলার অঙ্গভঙ্গি বা ‘পাউট’ নিয়ে কটাক্ষ করে বলেন, ওই ধরনের মুখের অভিব্যক্তির কারণে তাঁর কথা ঠিকমতো বোঝাই যায় না, তাই ওটা বন্ধ করা উচিত। সহকর্মীর এমন প্রকাশ্য ব্যঙ্গবাণে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
কার্তিকের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে মঞ্জরেকর সরাসরি সম্প্রচার পরিচালকের কাছে অনুরোধ জানান যেন স্ক্রিন স্প্লিট করে ক্যামেরা অজিঙ্কা রাহানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। ধারাভাষ্যকার হিসেবে প্রথম আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করা রাহানেকে উদ্দেশ্য করে মঞ্জরেকর বলেন, রাহানের সঙ্গে কথা বলা অনেক বেশি স্বস্তিদায়ক এবং তাঁর মুখও কার্তিকের তুলনায় অনেক বেশি মনোরম। পাশাপাশি কার্তিককে কটাক্ষ করে তিনি বলেন, আয়নায় নিজেকে দেখে হয়তো কার্তিক নিজে থেকেই নিজেকে ‘সুপার্ব’ বলেন। পাল্টা জবাবে কার্তিকও জানিয়ে দেন যে তিনি আয়নায় নিজেকে দেখেন না, এটা কেবল মঞ্জরেকরেরই কাজ।
লাইভ অনুষ্ঠানে দুই তারকার এই বাদানুবাদের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আগেই অবশ্য বিষয়টি হালকা করার চেষ্টা করেন মঞ্জরেকর। তিনি স্বীকার করেন যে তাঁরা দুজনেই সীমা অতিক্রম করছেন এবং এর ফলে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটভক্তরা ট্রোল করার দারুণ সুযোগ পেয়ে যাবে। দুই প্রাক্তনের এমন প্রকাশ্য অন-এয়ার তরজা ক্রিকেটপ্রেমীদের মধ্যে যথেষ্ট চর্চার জন্ম দিয়েছে।









