নয়াদিল্লি, ১৯ আগস্ট: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) নির্বাচনে জয়লাভ করে নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রবীণ আইনজীবী প্রদীপ রাই। নির্বাচনে জয়ের পর বুধবার ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তকে ‘পিতার মতো অভিভাবক’ হিসেবে বর্ণনা করে তিনি জানান, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি বিচার বিভাগের সঙ্গে সমন্বয় রেখে এবং প্রধান বিচারপতির নির্দেশনায় কাজ করবে।
বার এবং বেঞ্চের সম্পর্ককে একটি ‘ছোট পরিবার’ হিসেবে উল্লেখ করে প্রধান বিচারপতি সূর্য কান্ত নবনির্বাচিত সমস্ত কার্যনির্বাহী সদস্যকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে নতুন নেতৃত্ব দৃষ্টান্ত স্থাপন করবে এবং তরুণ আইনজীবীদের পেশাগত উন্নতির জন্য নানা কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করবে। জবাবে সভাপতি প্রদীপ রাই জানান যে বিচার বিভাগের সম্মান রক্ষায় বার সর্বদা বেঞ্চের পাশে থাকবে এবং বিচার প্রক্রিয়ার উন্নয়নে পূর্ণ সহযোগিতা করবে।
মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে সহ-সভাপতি পদে সিনিয়র আইনজীবী রাহুল কৌশিক এবং সম্পাদক পদে আইনজীবী প্রজ্ঞা বাঘেল নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে অমলেন্দু কুমার সিং ও যুগ্ম সম্পাদক পদে মনীষ দুবে জয়লাভ করেছেন। আইনজীবীদের সার্বিক কল্যাণ, পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা এবং সদস্যদের সন্তানদের জন্য মেধাভিত্তিক বৃত্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন সভাপতি প্রদীপ রাই, যাঁর ওপর আস্থা রেখেছেন আইনজীবীরা। তিনি সদ্য প্রাক্তন সভাপতি বিকাশ সিংয়ের স্থলাভিষিক্ত হলেন।









