মুম্বই, ১৯ আগস্ট: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রীড়া ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে ভারতে বিশেষ প্রদর্শনী আয়োজন করতে চলেছে অস্ট্রেলিয়া। বুধবার মুম্বইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন জানান, আগামী ডিসেম্বর মাসে চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে চলা বিগ ব্যাশ লিগের ঐতিহাসিক ম্যাচটি ‘গুড ডে নমস্তে’ প্রদর্শনীর অংশ হিসেবে তুলে ধরা হবে। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার সংস্কৃতি, উন্নত শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রের সেরা দিকগুলো ভারতীয়দের সামনে তুলে ধরা হবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যৌথ ঘোষণার সূত্র ধরে বিগ ব্যাশ লিগের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার বাইরে কোনো ম্যাচ আয়োজিত হতে চলেছে। আগামী ১২ ডিসেম্বর চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেলবোর্ন রেনিগেডস ও পার্থ স্করচার্স মুখোমুখি হবে।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন আরও উল্লেখ করেন যে খেলাধুলোর পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও দুই দেশের অংশীদারিত্ব দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক রূপরেখার অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা ও প্রশিক্ষণ। ইতিমধ্যেই আটটি অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয় ভারতে তাদের ক্যাম্পাস খোলার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছে এবং বহু শিক্ষা বোর্ড ভারতীয় শিক্ষার্থীদের উন্নত পাঠ্যক্রমের সুযোগ করে দিচ্ছে। ডিসেম্বরের এই ক্রিকেট ম্যাচ এবং বিশেষ সাংস্কৃতিক উৎসব দুই দেশের কৌশলগত ও জন-সংযোগকে এক অনন্য মাত্রায় পৌঁছে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।









