নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:
গরু চরাতে গিয়ে ডুলুং নদীতে তলিয়ে গেলেন ৮৫ বছরের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বনডাহি এলাকায়। নিখোঁজ বৃদ্ধের নাম যতীন্দ্র নাইক। তাঁর বাড়ি বেলিয়াবেড়া থানার অন্তর্গত বনডাহি গ্রামেই। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শুক্রবারও কয়েকটি গরু নিয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ডুলুং নদীর পাড়ে চরাতে গিয়েছিলেন যতীন্দ্রবাবু। নদীর পাড়ে ঘাস খাওয়ার সময় কয়েকটি গরু হঠাৎ নদী পার হয়ে ওপারে চলে যায়। সেই গরুগুলিকে ফেরাতে নদীর জলে নামেন ওই বৃদ্ধ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গরু আনতে গিয়ে তিনি নদীর কিছুটা গভীরে চলে যান এবং তীব্র স্রোতের মুখে পড়ে তলিয়ে যান।
এলাকাবাসীর মতে, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ডুলুং নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্রোতের গতিও অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। সেই তীব্র স্রোতের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় স্থানীয় থানায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলিয়াবেড়া থানার পুলিশ এবং তাদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারের জন্য ডুলুং নদীর বিভিন্ন প্রান্তে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে কর্মীদের। ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।









