প্রধান বিচারপতির উপস্থিতি ঘিরে বিতর্ক, সমাবর্তন বাতিল করল এনএলএসআইইউ

বিশেষ সংবাদদাতা, বেঙ্গালুরু, ২৭ অগস্ট: প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যানের উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র ছাত্র অসন্তোষের জেরে এ বছরের সমাবর্তন অনুষ্ঠান বাতিল করল বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি (এনএলএসআইইউ)। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, চলতি শিক্ষাবর্ষে কোনো সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে না।

উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পাঠানো এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সৌরভ ভট্টাচার্য জানিয়েছেন, “পরিচালন পর্ষদের যথাযথ অনুমোদনের পর শিক্ষার্থীদের ‘অনুপস্থিতিতেই’ ডিগ্রি প্রদান করা হবে। শিক্ষার্থীরা তাঁদের শংসাপত্র কুরিয়ারের মাধ্যমে গ্রহণ করতে পারেন অথবা ক্যাম্পাস থেকে সংগ্রহ করতে পারেন।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুধীর কৃষ্ণস্বামী জানিয়েছেন, স্বর্ণপদকও একইভাবে প্রাপকদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে কিংবা তাঁদের ক্যাম্পাস থেকে তা সংগ্রহ করে নিতে হবে। চলতি মাসের শুরুর দিকে ১২ সেপ্টেম্বর এই সমাবর্তন আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল।

প্রতি বছর সেপ্টেম্বরে আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই)-র চেয়ারম্যান মনন কুমার মিশ্রকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার বিরুদ্ধে সরব হন বর্তমান ও প্রাক্তনী শিক্ষার্থীদের একাংশ। হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয়ের সদ্য উত্তীর্ণদের রাজ্য বার কাউন্সিলগুলিতে নথিভুক্ত না করার জন্য বিসিআই-এর তরফে ১৩ অগস্ট একটি নির্দেশ জারি করা হয়েছিল। যদিও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে খোলা চিঠিতে সই করেছিলেন এনএলএসআইইউ-এর ১৬৫ জন উত্তীর্ণ শিক্ষার্থী, ৪০৯ জন বর্তমান পড়ুয়া এবং ১২৮ জন প্রাক্তনী। এর আগে নালসারের প্রায় ৪৫০ জন শিক্ষার্থীও প্রধান বিচারপতিকে তাদের সমাবর্তনে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করে প্রচার চালিয়েছিলেন।

দিল্লিতে নিট বিরোধী বিক্ষোভ চলাকালীন পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ সংক্রান্ত এক মামলার শুনানিতে গত মাসে প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে এই ক্ষোভের সূত্রপাত হয়েছিল। শুনানির সময় প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন, “দয়া করে আমাদের সময় নষ্ট করবেন না। এই সব ভিডিও দেখার মতো সময় আমাদের নেই।” এর পরিপ্রেক্ষিতে এনএলএসআইইউ-এর শিক্ষার্থীদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছিল, “আমরা অবগত যে বিসিআই নালসারের বিরুদ্ধে সমস্ত প্রক্রিয়া বন্ধ করেছে। কিন্তু একটি সংবিধিবদ্ধ সংস্থা কর্তৃক প্রথম থেকেই একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধ্যাপকদের বিরুদ্ধে এমন অসাংবিধানিক ও বেআইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। সেই পদক্ষেপের প্রভাব বা তার দায়ভার চেয়ারম্যান এবং বিসিআই কোনোভাবেই এড়াতে পারে না।” এই অচলাবস্থার মাঝেই শেষ পর্যন্ত সমাবর্তন বাতিল করার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Comment

আরও পড়ুন