‘বিশ্বকাপ মহড়া নয়, লুকোচুরি বন্ধ হোক’: হকির বিদায়ে চাঁচাছোলা শ্রীজেশ

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি, ২৫ অগস্ট: বিশ্বকাপ থেকে ভারতীয় হকি দলের হতাশাজনক বিদায়ের পর এবার প্রশাসনিক দায়বদ্ধতা নিয়ে সরাসরি অস্বস্তিকর প্রশ্ন তুললেন কিংবদন্তি গোলরক্ষক তথা দু’বারের অলিম্পিক পদকজয়ী পি আর শ্রীজেশ। বিশ্বকাপের মতো বিশ্বমঞ্চকে কোনওভাবেই ‘রিহার্সাল’ বা মহড়া হিসেবে গণ্য করা যায় না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। একের পর এক ব্যর্থতার পর অজুহাত খোঁজার মানসিকতাকে কড়া ভাষায় আক্রমণ করে তাঁর সাফ কথা, ‘শেখার প্রক্রিয়া’ কিংবা ‘ভালো হকি খেলা’র অজুহাত দিয়ে আসল ব্যর্থতা আড়াল করার চেষ্টা এবার বন্ধ হওয়া দরকার।

আমস্টেলভিনে সোমবার আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হেরে চলতি এফআইএইচ হকি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে গিয়েছে ভারতীয় পুরুষ দলের। এর আগে গত শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাস্ট-উইন ম্যাচে গোলশূন্য ড্র করে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় মহিলা দলও। টোকিও ২০২০ এবং প্যারিস ২০২৪ অলিম্পিকে দেশের হয়ে ব্রোঞ্জজয়ী দলের অন্যতম স্তম্ভ শ্রীজেশের মতে, দলগুলির এই হতাশাজনক পারফরম্যান্সের পর এবার ভারতীয় হকির নীতি নির্ধারকদের উদ্দেশে কঠিন ও অপ্রিয় প্রশ্নগুলো তোলার সময় এসেছে।

নিজের গভীর অসন্তোষ প্রকাশ করে সমাজমাধ্যম ‘এক্স’-এ শ্রীজেশ লিখেছেন, “একটি অস্বস্তিকর প্রশ্ন তোলা দরকার: আমরা কি শুধুই ভালো হকি খেলার জন্য একটা দল তৈরি করছি, নাকি বিশ্বের সেরা দলগুলোকে হারিয়ে জেতার মতো দল গড়ছি?” একই সঙ্গে ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, “শেখার অভিজ্ঞতা, ভালো হকি কিংবা ভবিষ্যতের টুর্নামেন্টের দোহাই দিয়ে আড়ালে লুকোনো এবার বন্ধ হোক। বিশ্বকাপ কোনও মহড়া নয়। এটা আসল বিশ্বকাপ। তাহলে এই কঠিন প্রশ্নগুলো কে করবে? দায়বদ্ধতা কে দাবি করবে? আর সবথেকে বড় কথা… সত্যিই কি কারও কিছু এসে যায়?”

বিশ্বকাপে নামার আগে এফআইএইচ প্রো লিগে অত্যন্ত বাজে পারফরম্যান্স ছিল ভারতীয় পুরুষ দলের; নয় দলের প্রতিযোগিতায় অষ্টম স্থানে শেষ করেছিল ভারত। তা সত্ত্বেও বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে কোচ ও খেলোয়াড়দের ইতিবাচক বার্তায় নতুন করে আশা তৈরি হয়েছিল। কিন্তু প্রতিযোগিতার মূল মঞ্চে দল চূড়ান্ত ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ শ্রীজেশ আগামী মাসে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসের প্রসঙ্গ টেনে তীব্র কটাক্ষ করেন। তিনি ব্যঙ্গাত্মক সুরে লেখেন, “কোনও চিন্তা নেই… বিশ্বকাপের তো কোনও গুরুত্বই নেই। সামনেই এশিয়ান গেমস আসছে। ওখানে একটা পদক জিতে নাও, আর তারপরই আমরা লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের স্বপ্ন দেখা শুরু করে দিতে পারব। স্পষ্টতই, বিশ্বকাপে যা কিছু ভুল হয়েছে, তা ধামাচাপা দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট!”

মহিলা দলের ব্যর্থতা ও পরিচালন ব্যবস্থা নিয়েও মুখ খুলেছেন ভারতের প্রাক্তন এই প্রাচীর। টুর্নামেন্টের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন মহিলা দলের প্রধান কোচ সজর্ড মারিনের ছুটিতে চলে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি লেখেন, “বিশ্বকাপের ঠিক আগেই মহিলা দলের প্রধান কোচ ছুটিতে— তবুও মেয়েরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে লড়াই করেছে এবং প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে। পুরো কৃতিত্বটাই খেলোয়াড়দের প্রাপ্য। কিন্তু দায়বদ্ধতা কোথায়? প্রস্তুতির শেষ মুহূর্তে যখন প্রধান কোচই উপস্থিত থাকেন না, তখন একটা দলের কাছ থেকে কীভাবে সেরা পারফরম্যান্স আশা করা যায়?”

পরাজয়ের পর দল পরিচালকদের মুখস্থ বুলি আউড়ানোর প্রবণতাকে তীব্র কটাক্ষ করে শ্রীজেশ মনে করিয়ে দেন, শীর্ষ দলের কাছে হারলে সেটা হয়ে যায় ‘শেখার অভিজ্ঞতা’, আর এশীয় প্রতিপক্ষকে হারালেই প্রচার করা হয় ‘বিরাট জয়’ হিসেবে। এই আত্মতুষ্টির বাতাবরণ বজায় থাকলে বিশ্বমঞ্চে ভারতের সাফল্য পাওয়া অসম্ভব বলেই মনে করছেন এই প্রাক্তন অধিনায়ক।

Leave a Comment

আরও পড়ুন