১০ এফআইআরে ‘তথ্যগত ভুল’, স্বস্তি অর্জুন সিংয়ের

বিশেষ সংবাদদাতা, কলকাতা, ২৭ অগস্ট: বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া ১০টি এফআইআরে ‘তথ্যগত ভুল’ রয়েছে বলে ব্যারাকপুর পুলিশের তরফে জানানো এবং নিম্ন আদালতে ক্লোজার রিপোর্ট জমা পড়ার পর তাঁর দায়ের করা আবেদনটির নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য পুলিশের পেশ করা রিপোর্ট খতিয়ে দেখে মামলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেন।

এর আগে ২০২৫ সালের ১৪ অক্টোবর এই মামলার শুনানির সময় আদালত পর্যবেক্ষণ করেছিল যে, বিতর্কটি প্রাথমিকভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হচ্ছে। সেই সময় আদালত অর্জুন সিংয়ের বিরুদ্ধে পুলিশের কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ দিয়েছিল, যার মেয়াদ পরবর্তীকালে দফায় দফায় বৃদ্ধি করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ বিভিন্ন থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে মোট ১০টি অভিযোগ দায়ের করা হয়েছিল। আদালতের পূর্ববর্তী নির্দেশের ভিত্তিতে বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনার আদালতে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে জানান, তদন্তে তথ্যের ভুলভ্রান্তি ধরা পড়ায় ওই ১০টি মামলাতেই চূড়ান্ত ক্লোজার রিপোর্ট দিয়ে ইতি টানা হয়েছে। তদন্তে কোনো অপরাধের প্রমাণ না মেলায় এবং পুলিশের এই রিপোর্টের ভিত্তিতে আদালত আবেদনটির নিষ্পত্তি করায় আইনি লড়াইয়ে বড় স্বস্তি পেলেন এই বিজেপি নেতা।

Leave a Comment

আরও পড়ুন