বিশেষ সংবাদদাতা, রাঁচি, ২৭ অগস্ট: কেন্দ্র সরকারের খনি ও খনিজ সংশোধন (এমএমডিআর) বিলের তীব্র সমর্থন জানিয়ে বর্তমান হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। একই সঙ্গে ২০১৯ সালে অ-আদিবাসী মুখ্যমন্ত্রী হওয়ার কারণেই বিজেপিকে ক্ষমতা হারাতে হয়েছিল—এমন তত্ত্বকে সম্পূর্ণ খারিজ করে তিনি দাবি করেন, সংবিধানে মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোনো জাতপাতের বাধ্যবাধকতা নেই এবং যে কোনো ভারতীয় নাগরিকই এই পদে বসতে পারেন।
এক বিশেষ সাক্ষাৎকারে এমএমডিআর বিলের পক্ষে সওয়াল করে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, এই বিল ঝাড়খণ্ডের স্বার্থের পরিপন্থী নয়, বরং রাজ্যের খনিজ সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার ও খনি পরিচালনায় স্বচ্ছতা আনার ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। বর্তমান সরকারকে নিশানা করে তিনি অভিযোগ করেন, রাজ্যে এখন কয়লা, পাথর, বালি, মদ থেকে শুরু করে সরকারি নিয়োগ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সিণ্ডিকেট সক্রিয় রয়েছে। রাজ্যের প্রস্তাবিত অতিরিক্ত সেস খনিজভিত্তিক শিল্পের উৎপাদন খরচ বাড়িয়ে দেবে, যার ফলে বিনিয়োগকারীরা প্রতিবেশী ওড়িশা ও ছত্তীসগঢ়ের দিকে ঝুঁকবেন। কেন্দ্র বরাদ্দ করা ৩৪টি কোল ব্লকের মধ্যে মাত্র চারটি বর্তমানে চালু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাকিগুলি চালু হলে রয়্যালটি, প্রিমিয়াম ও জেলা খনিজ ফাউন্ডেশনের (ডিএমএফ) মাধ্যমে রাজ্যের ঘরে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আসত। কিন্তু বোকরো ও চাইবাসার মতো জেলায় ডিএমএফ-এর অর্থ অপব্যবহার করা হচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা অকারণ ফেলে রাখা হয়েছে।
জেপিএসসি বিতর্ক ও সাম্প্রতিক ছাত্র আন্দোলন প্রসঙ্গে রঘুবর দাস বলেন, রাজ্যের যুবসমাজ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন করলেও সরকার তাদের সমস্যা সমাধানের বদলে দমনপীড়নের পথ বেছে নিয়েছে। তিনি সতর্ক করে দেন, ছাত্র আন্দোলনের মাধ্যমেই অতীতে বড় পরিবর্তন এসেছে এবং তরুণদের কণ্ঠরোধ করে সমাধান সম্ভব নয়।
নিজের কার্যকালের খতিয়ান তুলে ধরে তিনি জানান, তাঁর সময়ে আদিবাসী এলাকায় রাস্তা, বিদ্যুৎ ও কর্মসংস্থানের ব্যাপক প্রসার ঘটেছিল। স্থানীয় যুবকদের জন্য সরকারি চাকরিতে বিশেষ সুযোগ এবং আদিম জনগোষ্ঠীর সুরক্ষায় দুটি পুলিশ ব্যাটেলিয়ন গঠন করা হয়েছিল। এছাড়া হজ হাউস, নতুন বিধানসভা ভবন ও হাইকোর্ট ভবন নির্মাণ তাঁর সরকারের অন্যতম সাফল্য ছিল। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা জয়রাম মাহাতো প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, যুবসমাজের মধ্যে উন্মাদনা থাকা স্বাভাবিক, কিন্তু তার সাথে সচেতনতা ও শালীন ভাষাপ্রয়োগও বজায় রাখা জরুরি।









