ওড়িশা ক্রিকেট সংস্থাকে দ্রুত নির্বাচনের নির্দেশ বিসিসিআইয়ের

বিশেষ সংবাদদাতা, কটক, ২৭ অগস্ট: রাজ্য সংস্থায় অবিলম্বে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সময়মতো নির্বাচন না করা হলে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওসিএ)-এর অনুদান বন্ধ এবং সদস্যপদ বাতিলের কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় বোর্ড। তবে জাতীয় ক্রীড়া শাসন আইনের প্রভাব খতিয়ে দেখার যুক্তি দেখিয়ে নির্বাচন স্থগিত রাখার পক্ষে সওয়াল করেছে রাজ্য সংস্থাটি। বিষয়টি শেষ পর্যন্ত ওড়িশা হাইকোর্টের দরবারে পৌঁছেছে।

রাজ্য সংস্থার নির্বাচন চেয়ে ওড়িশার প্রাক্তন ক্রিকেটার তথা কোচ ললিতেন্দু বিদ্যাধর মহাপাত্র হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে বিসিসিআই-এর জ্যেষ্ঠ আইন কর্মকর্তা মেলিন্ডা কোলাকো আদালতে হলফনামা পেশ করে জানান, “ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অবিলম্বে নির্বাচন অনুষ্ঠান করা অত্যন্ত জরুরি।” হলফনামায় আরও উল্লেখ করা হয়, কোনো পদাধিকারী টানা নির্দিষ্ট মেয়াদের বেশি পদে থাকতে পারেন না এবং সুপ্রিম কোর্টের রায়ের চেতনাকে মান্য করা বাধ্যতামূলক। অন্যথায় তা ওসিএ-র নিজস্ব নিয়মাবলি, বিসিসিআই-এর সংঘস্মারক এবং সর্বোচ্চ আদালতের নির্দেশের চরম লঙ্ঘন হবে।

নিয়ম অনুযায়ী, লোধা কমিটির সুপারিশ ও বিসিসিআই-এর নিয়ম না মানলে কোনো রাজ্য সংস্থাকে অনুদান প্রদান বন্ধ করা যায়। এমনকি এই নিয়ম লঙ্ঘন টানা দুই বছর চললে সংশ্লিষ্ট সংস্থার সদস্যপদও বাতিল করতে পারে ভারতীয় বোর্ড। উল্লেখ্য, ওড়িশা ক্রিকেট সংস্থায় সভাপতি পঙ্কজ মোহান্তি, সচিব সঞ্জয় বেহেরা এবং কোষাধ্যক্ষ বিকাশ প্রধান ২০১৯ সালের অক্টোবর থেকে স্বপদে রয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে তাঁদের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা দফায় দফায় পিছিয়ে দেওয়া হয়।

আদালতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ওসিএ-র সচিব সঞ্জয় বেহেরা জানান, ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় ক্রীড়া সুশাসন আইন, ২০২৫-এর সামগ্রিক প্রভাব খতিয়ে দেখতেই সাধারণ সভার মতামতের ভিত্তিতে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলির আসন্ন নির্বাচন স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, জাতীয় ক্রীড়া আইন পাস হলেও ক্রিকেটকে এখনও এই আইনের আওতাভুক্ত হিসেবে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়নি। এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন এবং পরবর্তীকালে ক্রীড়া মন্ত্রকের পরামর্শের কথা বলে দুটি বিশেষ সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পিছিয়ে দিয়েছিল ওসিএ। ক্রিকেটের প্রশাসন চালানো কোনো জনদায়িত্বের অংশ কি না—সেই প্রশ্নেও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ উদ্ধৃত করে বোর্ড জানিয়েছে, ক্রিকেট পরিচালনা এক গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং তা আদালতের রিট এক্তিয়ারের অধীন। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

আরও পড়ুন