লাইভ ক্রীড়া কন্টেন্টের দ্রুত রূপান্তরে হাত মেলাল টেলিস্ট্রিম ও স্কোরপ্লে

কলকাতা, ২৫ আগস্ট: সম্প্রচার, ডিজিটাল মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে লাইভ ক্রীড়া কন্টেন্ট আরও দ্রুত দর্শকের কাছে পৌঁছে দিতে স্কোরপ্লের সঙ্গে কৌশলগত গাঁটছড়া বাঁধল মিডিয়া ওয়ার্কফ্লো প্রযুক্তির আন্তর্জাতিক প্রতিষ্ঠান টেলিস্ট্রিম। কৃত্রিম মেধা বা এআই-চালিত উন্নত স্পোর্টস মিডিয়া ম্যানেজমেন্ট ও লাইভ ইনজেস্টের এই যুগলবন্দি ক্রীড়া সম্প্রচারের গতিপ্রকৃতি বদলে দিতে চলেছে। আন্তর্জাতিক স্তরের টুর্নামেন্ট, পেশাদার লিগ এবং প্রথম সারির সম্প্রচারকারী সংস্থাগুলির জন্য ধারণ করা প্রতিটি মুহূর্ত এই ব্যবস্থার ফলে নিমেষের মধ্যে ব্যবহারযোগ্য হয়ে উঠবে। এতে যেমন দর্শকদের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে, তেমনই স্পনসরদের দৃশ্যমানতা এবং প্রতিটি মুহূর্তের বাণিজ্যিক মূল্য বহু গুণ বৃদ্ধি পাবে।

টেলিস্ট্রিমের বিশ্বস্ত ‘ভ্যানটেজ’ নির্ভর লাইভ ক্যাপচার, ইনজেস্ট ও মিডিয়া প্রসেসিং ক্ষমতার সঙ্গে স্কোরপ্লের পরিকাঠামো যুক্ত হওয়ায় তৈরি ফাইল পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে রিয়েল টাইমে ব্যবহার করতে পারবেন এডিটর, ডিজিটাল টিম এবং বাণিজ্যিক অংশীদারেরা।

ডিজিটাল প্ল্যাটফর্মে তাৎক্ষণিক রিপ্লের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে টেলিস্ট্রিমের প্রোডাক্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লি ডান বলেন, “ডিজিটাল যুগে ইনস্ট্যান্ট রিপ্লের সংজ্ঞা আমূল বদলে গিয়েছে। মাঠের ঘটনা ঘটার কয়েক মুহূর্তের মধ্যেই অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় হাইলাইটস দেখতে চান। ডিজিটাল পরিসরে প্রভাব বাড়াতে চাওয়া কোনও দল, বিশেষ মুহূর্তকে তুলে ধরতে চাওয়া কোনও বিজ্ঞাপনদাতা কিংবা দর্শকদের সেরা অভিজ্ঞতা দিতে চাওয়া সম্প্রচারক—সকলের কাছেই দর্শকদের কাছে পৌঁছনোর এটি সম্পূর্ণ নতুন এক মাধ্যম।”

চার্লি আরও যোগ করেন, “কিন্তু এই উত্তেজনার স্থায়িত্ব খুব কম সময়ের জন্য থাকে। তাই প্রোডাকশন টিম কত দ্রুত কন্টেন্ট ডেলিভারি করতে পারছে, সেটাই আসল। টেলিস্ট্রিম ও স্কোরপ্লের সম্মিলিত দক্ষতায় ক্লিপগুলি একেবারে আঙুলের ডগায় মজুত থাকে। অর্থাৎ দর্শকের আগ্রহ যখন চরমে, ঠিক তখনই তা পরিবেশন করা সম্ভব হচ্ছে। আজকের দৃষ্টি আকর্ষণের লড়াইয়ে যে যত দ্রুত টাইমলাইনে পৌঁছবে, বাজিমাত করবে সে-ই।”

ম্যাচ জেতানো গোল, ট্রফি জয়ের উচ্ছ্বাস বা রেকর্ড গড়ার মুহূর্তগুলি কতটা দ্রুত ছড়িয়ে পড়ছে, তার ওপরেই নির্ভর করে ক্রীড়া সংস্থাগুলির ব্র্যান্ড মূল্য ও স্পনসরশিপের কার্যকারিতা। আগের মতো ফাইল ম্যানুয়ালি ট্রান্সফার বা সাজানোর জন্য অপেক্ষা করার দিন শেষ। এখন প্রতিটি মুহূর্ত স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হয়ে কৃত্রিম মেধার মাধ্যমে মেটাডেটা সমৃদ্ধ হচ্ছে এবং সেকেন্ডের মধ্যে ক্লিপিং, এডিটিং ও মাল্টি-প্ল্যাটফর্মে সম্প্রচারের উপযোগী হয়ে উঠছে।

স্কোরপ্লের সহ-প্রতিষ্ঠাতা তথা চিফ এক্সিকিউটিভ অফিসার ভিক্টোরিয়াঁ তিক্সিয়ে জানান, “লাইভ ক্রীড়া সংস্থাগুলির এমন এক ব্যবস্থার প্রয়োজন যা সম্প্রচারের নিখুঁত মান বজায় রাখতে পারে, ডিজিটাল টিমের জন্য নমনীয় হয় এবং প্রত্যন্ত স্থানে থাকা কর্মীদের পক্ষেও রিয়েল টাইমে সহজে পরিচালনাযোগ্য হয়। কন্টেন্ট ব্যবস্থাপনা এবং তা থেকে রাজস্ব আদায়ের জন্য আধুনিক পরিকাঠামো দেওয়াই স্কোরপ্লের উদ্দেশ্য। টেলিস্ট্রিমের সঙ্গে যুক্ত হয়ে আমরা গ্রাহকদের একটি একক প্ল্যাটফর্মে হাই-রেজোলিউশন ইনজেস্ট, প্রক্সি অ্যাক্সেস, তাৎক্ষণিক ক্লিপিং এবং ডিজিটাল আর্কাইভ তৈরির সুবিধা দিচ্ছি।”

আন্তর্জাতিক মিডিয়া জগতে টেলিস্ট্রিমের স্বয়ংক্রিয় এআই-ওয়ার্কফ্লো দীর্ঘ দিন ধরেই নির্ভরযোগ্য। অন্যদিকে স্কোরপ্লের ক্রীড়া পরিকাঠামোও বিশ্বমানের। সংস্থা দুটির এই যৌথ প্রযুক্তি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এবং আমস্টারডামে অনুষ্ঠিতব্য ‘আইবিসি ২০২৬’ সম্মেলনে তারা এই সমন্বিত প্রযুক্তির আনুষ্ঠানিক প্রদর্শন করবে।

Leave a Comment

আরও পড়ুন