নয়াদিল্লি: ভারতের সমৃদ্ধ ঐতিহ্যবাহী জ্ঞানের সঙ্গে আধুনিক বিজ্ঞান, চিকিৎসা এবং উদীয়মান প্রযুক্তির গভীর সমন্বয় ঘটানোর আহ্বান জানালেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ড. জিতেন্দ্র সিং। মঙ্গলবার নতুন দিল্লিতে সিএসআইআর-ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি (সিএসআইআর-টিকেডিএল) পরিদর্শনের সময় তিনি এই বার্তা দেন।
তিনি জানান, ঐতিহ্যগত জ্ঞানকে কেবল আয়ুর্বেদ বা দেশীয় চিকিৎসাপদ্ধতির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক বিজ্ঞানের বিভিন্ন শাখা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করতে হবে। তিনি সিএসআইআর-টিকেডিএল এবং বিভিন্ন শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে জোরালো সমন্বয় এবং যৌথ গবেষণার ওপর জোর দেন। তরুণ গবেষকদের এই ক্ষেত্রে আগ্রহী করে তুলতে স্নাতকোত্তর স্তরের মেডিক্যাল শিক্ষার্থীদের যৌথ নির্দেশনার প্রস্তাবও দেন মন্ত্রী।
২০০১ সালে যাত্রা শুরু করা টিকেডিএল ভারতের ঐতিহ্যবাহী জ্ঞানকে আধুনিক বৈজ্ঞানিক ও বৌদ্ধিক সম্পত্তির পরিভাষায় নথিভুক্ত করে আন্তর্জাতিক পেটেন্ট অফিসগুলির কাছে সহজলভ্য করে তুলেছে। এর ফলে প্রাচীন ভারতীয় ফর্মুলাগুলির অন্যায়ভাবে পেটেন্ট নেওয়ার চেষ্টা রোধ করা সম্ভব হয়েছে। বর্তমানে এটি শুধু ওষুধ নয়, রোগ নির্ণয় পদ্ধতি ও অস্ত্রোপচারের নানা প্রাচীন পদ্ধতির ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে। ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি ও স্প্যানিশ ভাষায় এর নথি উপলব্ধ রয়েছে।
অনুষ্ঠানে সিএসআইআর-এর ডিরেক্টর জেনারেল ড. এম কালাইসেলভি, সিএসআইআর-টিকেডিএল প্রধান ড. বিশ্বজন্নি সাত্তিগারী এবং সিএসআইআর-এর যুগ্ম সচিব মহেন্দ্র কুমার গুপ্ত উপস্থিত ছিলেন। পরিদর্শনের শেষে মন্ত্রী একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।









