আধুনিক মহাসাগর গবেষণা জাহাজ ‘সাগর মন্থন’-এর সূচনা, সমুদ্রবিজ্ঞানে আত্মনির্ভরতার বার্তা

কলকাতা: দেশের নিজস্ব সমুদ্রবিজ্ঞান গবেষণা এবং সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক বড়সড় পদক্ষেপ করল ভারত। বুধবার কলকাতার ঋষি বঙ্কিম শিপইয়ার্ডে অত্যাধুনিক মহাসাগর গবেষণা জাহাজ (ওআরভি) ‘সাগর মন্থন’-এর আনুষ্ঠানিক সূচনা করলেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী ড. জিতেন্দ্র সিং। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’ (জিআরএসই) এই জাহাজটি (ইয়ার্ড ৩০৪১) ডিজাইন, ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণ করেছে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ‘ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ’ (এনসিপিওআর)-এর জন্য।

কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ড. টি শ্রীনিবাস কুমার ও অন্যান্য শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে জাহাজটির সূচনা করেন ড. জিতেন্দ্র সিং। ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী জাহাজটির আনুষ্ঠানিক নামকরণ করেন মন্ত্রীর স্ত্রী মঞ্জু সিং। এই দিনটিকে এনসিপিওআর, কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক তথা গোটা দেশের জন্য একটি “স্মরণীয় দিন” হিসেবে অভিহিত করে ড. জিতেন্দ্র সিং জানান, এই পদক্ষেপ প্রমাণ করে যে সমুদ্র গবেষণার উন্নত পরিকাঠামো দেশেই গড়ে তোলার ক্ষেত্রে ভারত কতটা স্বাবলম্বী হয়ে উঠেছে। তিনি বলেন, “এই চমৎকার জাহাজটি জিআরএসই দ্বারা নির্মিত ভারতের প্রথম অত্যাধুনিক ওআরভি, যা আত্মনির্ভরতার ক্ষেত্রে প্রয়োজনীয় জোরকে স্পষ্টভাবে তুলে ধরে।”

মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক জলবায়ু এবং পরিবেশগত ভারসাম্যে মহাসাগরের ভূমিকা অপরিসীম হলেও সমুদ্র সংক্রান্ত জ্ঞান এখনও অনেকটাই সীমিত; ফলে মহাসাগর গবেষণার গুরুত্ব কৌশলগত দিক থেকে অত্যন্ত বেশি। ‘সাগর মন্থন’-এর মতো জাহাজের মাধ্যমে সংগৃহীত তথ্য বিপর্যয় প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং বিশ্ব মহাসাগর ভূরাজনীতিতে অবদান রাখতে ভারতকে প্রত্যক্ষভাবে সাহায্য করবে। ড. সিং উল্লেখ করেন, এই জাহাজটি ১৯৮৩ সালে জার্মানি থেকে সংগৃহীত ৪৩ বছরের পুরনো ওআরভি ‘সাগর কন্যা’-র স্থলাভিষিক্ত হবে। এর পাশাপাশি ভবিষ্যতে আরও সমুদ্রবিজ্ঞান গবেষণা জাহাজ এবং একটি ‘পোলার রিসার্চ ভেসেল’ কেনার পরিকল্পনা রয়েছে ভূবিজ্ঞান মন্ত্রকের।

কেন্দ্র সরকারের ‘ডিপ ওশান মিশন’-এর ডিপ ওশান সার্ভে অ্যান্ড এক্সপ্লোরেশন (ভার্টিকাল-৪)-এর অধীনে প্রায় ৮৪০ কোটি টাকা ব্যয়ে এই নতুন গবেষণা প্ল্যাটফর্মটি নির্মিত হচ্ছে। যেকোনো প্রতিকূল আবহাওয়াতেই কাজ করতে সক্ষম এই বহুমুখী জাহাজটিকে দক্ষিণ মহাসাগর-সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ সামুদ্রিক পরিবেশে কার্যকর থাকার উপযোগী করে তৈরি করা হয়েছে। এর কর্মক্ষমতার মেয়াদ হবে প্রায় ৩০ বছর। ওশানোগ্রাফিক এবং জিওফিজিক্যাল গবেষণার জন্য এতে ডায়নামিক পজিশনিং, মাল্টিবিম বাথিমেট্রি, মাল্টিচ্যানেল সিসমিক সিস্টেম, সাব-বটম প্রোফাইলিং, ওয়েদার রাডার এবং ড্রপ কিলে-র মতো উচ্চপ্রযুক্তির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রিমোটলি অপারেটেড ভেহিকেল (আরওভি) এবং অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল (এইউভি) পরিচালনার সুবিধাও থাকবে এতে। ভারত মহাসাগরের তলদেশে খনিজ অনুসন্ধান, বহু-ধাতব সালফাইড মিনারেল সমীক্ষা, পরিবেশগত বেসলাইন সমীক্ষা, আবহাওয়া পর্যবেক্ষণ এবং পরিবাহিতা, তাপমাত্রা ও গভীরতা (সিটিডি) মাপার কাজ চালাবে এই জাহাজ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ভূবিজ্ঞান সচিব ড. টি শ্রীনিবাস কুমার বলেন, বিদেশ থেকে প্ল্যাটফর্ম সংগ্রহের পরিবর্তে দেশীয়ভাবে গবেষণা জাহাজ তৈরি করার যে যুগান্তকারী রূপান্তর ঘটেছে, এটি তারই প্রমাণ। তিনি বলেন, “একজন সমুদ্রবিজ্ঞানী হিসেবে আমি নিজে মহাসাগরীয় গবেষণার অপরিহার্য গুরুত্ব প্রত্যক্ষ করেছি। জলবায়ু চ্যালেঞ্জ বোঝা, সুনামি পূর্বাভাস দেওয়া এবং সামুদ্রিক সক্ষমতা শক্তিশালী করার এটিই মূল ভিত্তি।” তিনি জানান, জিআরএসই এই জটিল জাহাজ নির্মাণের চ্যালেঞ্জটি সফলভাবে বাস্তবায়ন করেছে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি এই জাহাজটিকে ‘ইন্ডিয়ান রেজিস্টার অব শিপিং’ (আইআরএস) এবং ‘আমেরিকান ব্যুরো অব শিপিং’ (এবিএস)—উভয় সংস্থাই ডুয়াল-ক্লাস সার্টিফিকেশন দিয়েছে।

২০২৪ সালের জুলাই মাসে চুক্তি স্বাক্ষরের পর ওই বছরেরই ২৯ নভেম্বর প্রথম ইস্পাত কাটা (স্টিল কাটিং) হয়েছিল। এরপর ২০২৬ সালের ৮ এপ্রিল কিল লেয়িং সম্পন্ন হয়। সূচনার পর এবার জাহাজটিতে সুপারস্ট্রাকচার স্থাপন, সিস্টেম ইন্টিগ্রেশন এবং সাগরে নানা পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সবকিছু সফলভাবে শেষ হলে ২০২৮ সালের মধ্যে জাহাজটি আনুষ্ঠানিকভাবে এনসিপিওআর এবং ভূবিজ্ঞান মন্ত্রকের হাতে তুলে দেওয়া হবে।

Leave a Comment

আরও পড়ুন