বিশেষ সংবাদদাতা: আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা দু’দিনের ‘চিন্তন বৈঠক’কে তীব্র কটাক্ষে বিঁধল কংগ্রেস। এই বৈঠককে কার্যত দিশাহারা সরকারের আত্মরক্ষার মহড়া বা ‘চিন্তা বৈঠক’ বলে ব্যাখ্যা করেছে প্রধান বিরোধী দল। একই সঙ্গে সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার পর নজিরবিহীনভাবে ৩৫ দিন কেটে গেলেও কেন এখনও রাষ্ট্রপতি মারফত আনুষ্ঠানিকভাবে অধিবেশনের সমাপ্তি বা ‘প্রোরোগ’ ঘোষণা করা হয়নি, তা নিয়েও মোদী সরকারের তীব্র সমালোচনা করেছে হাত শিবির। আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর নয়াদিল্লিতে সমস্ত কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীদের নিয়ে এই বৈঠক বসতে চলেছে, যার প্রস্তুতি ও উপস্থিতির জন্য সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে আগামী সপ্তাহে রাজধানীতেই থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগের কড়া সমালোচনা করে কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ সমাজমাধ্যমে আক্রমণ শানিয়ে বলেন, “শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী ২৩ এবং ২৪ সেপ্টেম্বর সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে একটি চিন্তন বৈঠক ডেকেছেন। বাস্তবে এটা চিন্তন বৈঠকের চেয়েও বেশি এক চিন্তা বৈঠক, কারণ চারিদিক থেকে ওঠা এমন সব প্রশ্ন ও তীব্র সমালোচনার খাঁড়ায় তিনি বিদ্ধ হয়েছেন যার তিনি সম্পূর্ণ যোগ্য দাবিদার এবং এর তীব্রতা আগে কখনও দেখা যায়নি।” রমেশ আরও নিশানা সাধেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেও। তাঁর অভিযোগ, গত ১৭ এপ্রিল লোকসভায় বিরোধীদের অভূতপূর্ব ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে পড়ে যে চূড়ান্ত অপমানের মুখে পড়তে হয়েছিল মোদী সরকারকে, তারই বদলা নিতে লোকসভায় দু-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ের মরীচিকার পেছনে এখনও হন্যে হয়ে ঘুরছেন শাহ।
বিরোধীদের ঐক্য অটুট থাকবে দাবি করে জয়রাম রমেশ বলেন, “সেদিন বিরোধীদের সংহতির কারণেই স্বরাষ্ট্রমন্ত্রীর মারাত্মক ও ক্ষতিকারক বিল পাস হওয়া থেকে বেঁচে গিয়েছিল ভারতীয় প্রজাতন্ত্র। বিরোধীদের ভাঙিয়ে এবং ভয় দেখিয়ে দমিয়ে রাখার শত চেষ্টা সত্ত্বেও সেই ঐক্য অটল থাকবে।” সূত্রের খবর, শাসনব্যবস্থা ও নীতি প্রণয়নের গুরুত্বপূর্ণ দিক এবং প্রশাসনিক সংস্কারের রূপরেখা নির্ধারণ করতেই এই দুই দিনের ম্যারাথন বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সরকারি প্রকল্পগুলির অগ্রগতি, মন্ত্রকগুলির মধ্যে কাজের সমন্বয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান সহজতর করার কৌশল নিয়েই এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে, যা নিয়ে এখন রাজনৈতিক মহলে তুমুল তরজা শুরু হয়েছে।









