ত্রাণশিবিরে মৃত্যুমিছিল, মুখ্যসচিবকে সুপ্রিম তোপ: খতিয়ে দেখার নির্দেশ শীর্ষ আদালতের

নয়াদিল্লি: মণিপুরের হিংসায় ভিটেমাটিহারা মানুষদের জন্য তৈরি অস্থায়ী ত্রাণশিবিরগুলিতে একের পর এক মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিবকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহানার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ত্রাণশিবিরে ঘটে চলা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কী তদন্ত ও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেখানে আশ্রিতদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা করা হয়েছে, তা জানিয়ে দ্রুত হলফনামা পেশ করতে হবে। শীর্ষ আদালত এদিন কড়া ভাষায় নির্দেশ দিয়ে জানায়, “মণিপুরের ত্রাণশিবিরগুলিতে সমস্ত মৃত্যুর ঘটনা, বিশেষ করে অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিস্তারিত জানিয়ে রাজ্য মুখ্যসচিবকে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হচ্ছে।” বিচারপতি গীতা মিত্তল কমিটির পেশ করা নথিতে মৃত্যুর পাশাপাশি যৌন নির্যাতনের কারণে মৃত্যুর মতো মারাত্মক তথ্য উঠে আসার পরেও প্রশাসন কেন হাত গুটিয়ে বসেছিল, তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন বিচারপতিরা।

আদালতে পেশ করা তথ্যে উঠে আসে, শিবিরগুলিতে ৩৪টি মৃত্যুর ঘটনা নথিবদ্ধ হলেও তার মধ্যে মাত্র ২০টি ক্ষেত্রে ময়নাতদন্ত করা হয়েছে। মৃতদের পরিবারকে দেওয়া হয়েছে নামমাত্র ক্ষতিপূরণ। এই বৈষম্য ও গাফিলতিতে বিরক্তি প্রকাশ করে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, “ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া যে বাস্তুহারাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে কেন মাত্র ২০ থেকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হল, রাজ্য সরকারকে তারও সন্তোষজনক জবাবদিহি করতে হবে।” একই সঙ্গে মণিপুর স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে (এমএসএলএসএ) পৃথক স্টেটাস রিপোর্ট জমার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি কড়া নির্দেশ দেন, প্রতিটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যেন অবিলম্বে এফআইআর দায়ের করা হয়, সেই মামলার তদন্ত যেন দ্রুতগতিতে এগোয় এবং ত্রাণশিবিরে বসবাসকারী প্রতিটি মানুষের সম্ভ্রম ও নিরাপত্তার সুনিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিন শুনানিতে সিবিআই ও মণিপুর রাজ্য সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্যা ভাটি আদালতকে জানান, সিবিআই মোট ৩১টি মামলা তদন্ত করেছে যার মধ্যে ২৮টিতে চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা পড়ে গিয়েছে এবং বাকি তিনটি মামলার তদন্ত চলছে। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির বাইরে রাজ্য সরকারের গঠিত ৪২টি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) আটটি জেলায় মোট ৩,০২০টি মামলা রুজু করেছে। এর মধ্যে ৩০২টি মামলায় চার্জশিট ও ১,৫৮৩টি মামলায় ক্লোজার রিপোর্ট জমা পড়েছে এবং ১,১৩৫টি মামলার তদন্ত চলছে। এর মধ্যে এসআইটি-র ৩৩টি মামলায় ট্রায়ালও শুরু হয়েছে। আদালত আশা প্রকাশ করেছে যে মণিপুরে ২০২৩ সালের জাতিদাঙ্গার প্রেক্ষিতে সিবিআই ও এনআইএ-র মামলা শোনার জন্য গঠিত দুটি বিশেষ আদালত দ্রুত এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। মেতেই সম্প্রদায়ের তপশিলি উপজাতি মর্যাদার দাবির প্রতিবাদে ২০২৩ সালের ৩ মে পাহাড়ি জেলাগুলিতে আদিবাসী সংহতি মিছিলকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সেই রক্তক্ষয়ী হিংসায় এখনও পর্যন্ত দু’শোরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং ভিটেমাটি হারিয়ে বাস্তুহারা হয়েছেন হাজার হাজার মানুষ।

Leave a Comment

আরও পড়ুন