সুনীপম মহাকুল: গুজরাটের আনন্দের সেই তালাবন্ধ ফ্ল্যাটটি দেখে বোঝার উপায় নেই যে এটি একটি রাজনৈতিক দলের সদর দফতর। সেখানে কোনও সাইনবোর্ড নেই, প্রচারের পোস্টার নেই, এমনকি রাজনৈতিক কর্মকাণ্ডের ন্যূনতম চিহ্নটুকুও চোখে পড়ে না। এমনই একটি সংবাদ প্রকাশ করেছে বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি। তাদের দাবি, খাতায়-কলমে এই ‘সত্যবাদী রক্ষক পার্টি’-র ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে চোখ কপালে তোলার মতো অর্থ। সরকারি নথি অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে গুজরাট-ভিত্তিক এই অখ্যাত দলটি অনুদান হিসেবে পেয়েছে ৩.৩ বিলিয়ন অর্থাৎ ৩৩০ কোটি টাকারও বেশি অর্থ। অথচ ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দলটি মাত্র একজন প্রার্থী দাঁড় করিয়েছিল এবং তিনি নিজের জামানত পর্যন্ত বাঁচাতে পারেননি।
দলের জমা দেওয়া হিসাব অনুযায়ী, নির্বাচনী প্রচারে খরচ হয়েছে ৮ কোটি ৪৮ লক্ষ টাকা এবং বাকি ৩১৬ কোটি টাকারও বেশি ব্যয় দেখানো হয়েছে ‘জনকল্যাণমূলক’ কাজে। দলের নথিভুক্ত অফিসের একই আবাসনে বসবাসকারী সভানেত্রী স্বাতীবেন প্যাটেলের দাবি, “আমরা দাতব্য কাজে এই টাকা খরচ করেছি, তবে তার কোনও নথিপত্র রাখা হয়নি।”
ভারতে নথিভুক্ত অথচ অস্বীকৃত রাজনৈতিক দল বা ‘আরইউপিপি’ (RUPP)-এর সংখ্যা ২,৮০০-রও বেশি। পর্যাপ্ত ভোট বা আসন না পাওয়ায় এই দলগুলি রাজ্য বা জাতীয় স্তরে স্বীকৃত নয়। অনেকে মাঝেমধ্যে নির্বাচনে অংশ নেয় বা হাতে গোনা দু-একজন প্রার্থী দেয়। কিন্তু দেশের প্রচলিত নির্বাচনী আইনের সুযোগ নিয়ে বড় দলগুলির মতোই তারা অনুদান গ্রহণ করতে পারে এবং আয়করে পূর্ণ ছাড়ের সুবিধা পায়। একইভাবে এই দলগুলিতে অনুদান দিয়ে করদাতারাও নিজেদের আয়ের ওপর কর ছাড়ের দাবি করতে পারেন। এই ব্যবস্থার আড়ালে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা বা কর ফাঁকির বড়সড় কারবার চলছে কি না, তা নিয়ে এখন আয়কর দফতরের তদন্তের পরিধি বাড়ছে।
একটি দীর্ঘ তদন্তে দেখা গেছে, ২০২৩-২৪ সালে অনুদান হিসেবে সবচেয়ে বেশি টাকা পাওয়া এমন ছয়টি অখ্যাত রাজনৈতিক দল যৌথভাবে প্রায় ১,৭০০ কোটি টাকা অনুদান পেয়েছে। অথচ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই ছয়টি দল মিলে প্রার্থী দিয়েছিল মাত্র ১৫ জন, যার মধ্যে কেউই জয়ের ধারের কাছে পৌঁছাতে পারেননি। আয়কর দফতরের একটি অভ্যন্তরীণ নথি অনুযায়ী, ২০২২ সাল থেকেই এই ধরনের সন্দেহভাজন দলগুলির ওপর নজরদারি চালানো হচ্ছে। ওই নথিতে কর ছাড়ের লোভে করদাতাদের দেওয়া প্রায় ৫,৫৯১ কোটি টাকার সন্দেহজনক রাজনৈতিক অনুদান এবং ৬৬৫ কোটি টাকার বিদেশি লেনদেনের হদিশ মিলেছে। কর আইন, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন এবং নির্বাচনী বিধি লঙ্ঘনের একাধিক প্রমাণও তদন্তকারীদের হাতে এসেছে।
তদন্তে দলগুলির নথিপত্র ও বাস্তবের মধ্যে আকাশ-পাতাল ফারাক প্রকাশ্যে এসেছে। গরিব কল্যাণ পার্টির এক প্রার্থী ইন্দ্রদেবী হীরালাল জানান, ২০২৪ সালের নির্বাচনে তিনি নিজের কেন্দ্রে প্রচারে পর্যন্ত যাননি; কেবল একটি পোস্টার ছাপানো হয়েছিল। অথচ এই দলটি ২০২৩-২৪ সালে ১৩৮ কোটি টাকার অনুদান পেয়েছিল এবং প্রার্থী দিয়েছিল মাত্র তিন জন। দলের সভাপতি নীরজ কুমার ক্ষত্রিয়ের বাড়িতে আয়কর দফতর তল্লাশিও চালিয়েছে।
অনুদানের নিরিখে সবাইকে ছাপিয়ে গেছে পাটনায় প্রতিষ্ঠিত ‘আম জনমত পার্টি’। প্রথম দুই বছর ২০,০০০ টাকার বেশি কোনও অনুদান না পেলেও ২০২২-২৩ সালে তারা পায় ২১৬ কোটি টাকা। আর ২০২৩-২৪ সালে তা তিনগুণ বেড়ে দাঁড়ায় ৬২০ কোটি টাকারও বেশি— যা দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের পাওয়া অনুদানের (প্রায় ২৮০ কোটি টাকা) দ্বিগুণেরও বেশি! ২০২৪-এ দলটি একটি মাত্র আসনে লড়ে জামানত হারায়। দলের প্রতিষ্ঠাত্রী অনামিকা পাসোয়ান বর্তমানে বিহারে ক্ষমতাসীন বিজেপির সহ-সভাপতি। তিনি দাবি করেন, ২০২২ সালেই দল ছেড়েছেন। তাঁর স্বামী জানান, দলটির দফতর গুজরাটের আহমেদাবাদে স্থানান্তরিত হয়েছে। তবে আহমেদাবাদের ঠিকানায় গিয়ে দেখা যায় অফিস বন্ধ। কোষাধ্যক্ষ ধর্মেন্দ্র বৈষ্ণব জানান কাজকর্ম বন্ধ হয়ে গেছে, তবে দলটির ব্যাংক অ্যাকাউন্ট এখনও সক্রিয় রয়েছে।
নির্বাচনী নজরদারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর)-এর গবেষক শেলি মহাজনের মতে, দলগুলির নির্বাচনী সক্রিয়তা নেই অথচ তারা বিপুল তহবিল পাচ্ছে এবং তা খরচও দেখাচ্ছে, যা অত্যন্ত সন্দেহজনক। আয়কর আধিকারিকদের মতে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং দালালদের একটি চক্র এই দলগুলিকে করদাতাদের সঙ্গে জুড়ে দেয়। অনুদান দিয়ে কর ছাড় পাওয়ার ভিডিও দেখিয়ে ক্লায়েন্টদের আশ্বস্ত করা হয়। স্বতন্ত্র অভিব্যক্তি পার্টির সভাপতি সুরেন্দর তিওয়ারি অভিযোগ করেছেন, তাঁর দল ২১৯ কোটি টাকা অনুদান পেলেও তহবিলের নিয়ন্ত্রণ ছিল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ময়ূর সিংয়ের হাতে।
এদিকে নির্বাচন কমিশন নিষ্ক্রিয় দলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। গত বছর টানা ছয় বছর নির্বাচনে না লড়া ৮০০-রও বেশি দলকে তালিকা থেকে বাদ দেওয়া হলেও, তাদের মূল আইনি রেজিস্ট্রেশন বাতিলের ক্ষমতা কমিশনের হাতে নেই। ফলে এই অখ্যাত দলগুলির নেপথ্যে কারা রয়েছে, কোটি কোটি টাকা কোথা থেকে আসছে এবং কোথায় খরচ হচ্ছে— তা উদ্ঘাটন করাই এখন তদন্তকারী সংস্থাগুলির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।









