গ্রাহক টানতে অসাধু উপায়? ভোডাফোন আইডিয়ার বিরুদ্ধে ট্রাইয়ের দ্বারস্থ জিও-এয়ারটেল

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর:  প্রতিদ্বন্দ্বী সংস্থা ভোডাফোন আইডিয়া বা ভি-এর বিরুদ্ধে নিয়ম ভেঙে অনৈতিক উপায়ে গ্রাহক টানার গুরুতর অভিযোগ তুলল রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল। বেসরকারি টেলিকম জায়ান্ট দুটির এই নালিশ খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ‘ট্রাই’ বা টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া। অন্য নেটওয়ার্ক থেকে নিজেদের সংস্থায় পোর্ট করিয়ে নিতে বা এমএনপি করতে ভোডাফোন আইডিয়া অননুমোদিত নানা অফার ও অনৈতিক পথ বেছে নিচ্ছে বলে যৌথভাবে অভিযোগ জানিয়েছে জিও ও এয়ারটেল।

ট্রাইয়ের সুস্পষ্ট নিয়ম রয়েছে যে, কোনও টেলিকম অপারেটর অন্য নেটওয়ার্কের গ্রাহকদের নিজেদের নেটওয়ার্কে টানার উদ্দেশ্যে বিশেষ কোনও প্ল্যান বা নিয়মবহির্ভূত ছাড় বা পরিষেবা দিতে পারে না। এমনটা করা সম্পূর্ণ বেআইনি এবং এর জন্য কঠোর আর্থিক জরিমানার বিধান রয়েছে। জিও এবং এয়ারটেলের দাবি, ভোডাফোন আইডিয়া বাজার দখলের লড়াইয়ে নিয়ম ভেঙে ঠিক এই কাজটাই করে চলেছে। বিগত প্রায় ছয় মাস ধরে ভি ধারাবাহিকভাবে নতুন গ্রাহক যুক্ত করে চলেছে, যা বাজারে তাদের ভাবমূর্তিকে অনেকটাই উজ্জ্বল করেছে। তবে এই গ্রাহক বৃদ্ধি উন্নত পরিষেবার ফলে, নাকি এমন অনৈতিক পন্থার জোরে— তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিদ্বন্দ্বীরা।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ট্রাই চেয়ারম্যান এ কে লাহোটি। সংবাদসংস্থা পিটিআই-কে তিনি বলেন, “যখন কোনও অপারেটরের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ বা বক্তব্য আসে, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখি। সংস্থাগুলি পরস্পরের বিরুদ্ধে বেশ কিছু উদ্বেগ ও অভিযোগ প্রকাশ করেছে। যা যা তথ্য এসেছে, আমরা সবকিছুই নিরপেক্ষভাবে পরীক্ষা করে দেখব।” নিয়ন্ত্রক সংস্থা এই বিষয়ে তিনটি টেলিকম সংস্থার দাবি ও কার্যপদ্ধতি নিয়েই প্রশ্ন করতে চলেছে বলে জানা গেছে।

প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ভোডাফোন আইডিয়া। পিটিআই-কে দেওয়া প্রতিক্রিয়ায় ভি-এর এক মুখপাত্র জানান, “আমরা সুষ্ঠু প্রতিযোগিতা, আমাদের পণ্যের মান এবং গ্রাহকদের কাছে যে বিশ্বাসযোগ্য সেবা পৌঁছে দিই— তার উপরেই আস্থা রাখি। সর্বদাই সমস্ত নিয়মকানুন ও আইন মেনে আমরা ব্যবসা পরিচালনা করে আসছি।”

উল্লেখ্য, শেয়ার বিক্রির মাধ্যমে সংগৃহীত অর্থের জোরে দেশের নতুন নতুন প্রান্তে ফোর-জি নেটওয়ার্কের সম্প্রসারণ চালাচ্ছে ভোডাফোন আইডিয়া। একই সঙ্গে গত ছয় মাস ধরে গ্রাহক সংখ্যায় ইতিবাচক বৃদ্ধি দেখছে সংস্থাটি। দীর্ঘমেয়াদী বিনিয়োগের লক্ষ্যে আগামী দশ বছরের জন্য এবার ঋণ বা ধারের মাধ্যমে প্রায় ৩৫,০০০ কোটি টাকা সংগ্রহের প্রস্তুতিও শুরু করেছে তারা। ঠিক এই আবহেই তাদের বিরুদ্ধে অনৈতিক পথ অবলম্বনের নালিশ জানাল অন্য দুই বেসরকারি প্রতিদ্বন্দ্বী।

Leave a Comment

আরও পড়ুন