ঝাড়গ্রাম: ওড়িশা সীমান্ত লাগোয়া ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে ফের দলছুট হাতির হানায় তীব্র আতঙ্ক ছড়াল। শুক্রবার রাতে ব্লকের ধূমসাঁই সংলগ্ন ডুমুরিয়া এলাকায় হঠাৎই একদল দাঁতাল ঢুকে পড়ে ব্যাপক তাণ্ডব চালায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সীমান্ত সংলগ্ন ওই এলাকায় মোট ২২টি হাতির একটি বড় দল ঘোরাফেরা করছিল। তার মধ্যে থেকে প্রায় ২০টি হাতির একটি দল মূল দল থেকে আলাদা হয়ে গভীর রাতে আচমকা ডুমুরিয়ার লোকালয়ে ঢুকে পড়ে।
গ্রামের মধ্যে হাতির পাল ঢুকে পড়ার খবর চাউর হতেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। হাতির আক্রমণ ও ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে গ্রামবাসীরা নিজেরাই বাজি ফাটিয়ে এবং চিৎকার করে হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা শুরু করেন। একই সঙ্গে খবর পাঠানো হয় বনদপ্তরে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান কেশররেখা রেঞ্জের আধিকারিক ও বনকর্মীরা। সেখানে পৌঁছে তাঁরা দেখেন, হাতির দলটির তাণ্ডবে একটি মাটির বাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে সরকারি নিয়ম মেনে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।
কেশররেখা রেঞ্জের রেঞ্জ অফিসার আনীস মণ্ডল জানান, “হুলা পার্টি ও বনদপ্তরের কর্মীরা যৌথভাবে হাতির দলটিকে ড্রাইভ করে ওড়িশার দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। গোটা পরিস্থিতির উপর বনদপ্তরের পক্ষ থেকে কড়া নজর রাখা হয়েছে।” একই সঙ্গে ওই এলাকা দিয়ে নতুন করে যাতে হাতির দল ফের লোকালয়ে বা চাষের জমিতে ঢুকে পড়তে না পারে, তার জন্য বনকর্মীরা সীমান্তে সতর্ক নজরদারি চালাচ্ছেন।









