সুনীপম মহাকুল, ঝাড়গ্রাম: অনগ্রসর লোধা সম্প্রদায়ের মানুষদের নাগরিক পরিষেবার আওতায় আনতে প্রশাসনের উদ্যোগে বিশেষ আধার ক্যাম্প আয়োজন করা হলেও পরিকাঠামোগত ত্রুটি ও কর্মীদের অসহযোগিতার জেরে ক্ষোভে ফুঁসছেন উপভোক্তারা। শুক্রবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী ও পাথরা গ্রাম পঞ্চায়েত অফিসে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। লোধা অধ্যুষিত গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে যাঁদের এখনও আধার কার্ড হয়নি তাঁদের নতুন কার্ড তৈরি, তথ্য আপডেট ও ভুল সংশোধনের লক্ষ্যেই এই সরকারি কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু পরিষেবা নিতে এসে দিনভর চরম দুর্ভোগের শিকার হন এলাকার বহু মানুষ। কুলটিকরী গ্রাম পঞ্চায়েত অফিসে ক্যাম্প শুরু হলেও পর্যাপ্ত কর্মী ও কম্পিউটার না থাকায় শুরু থেকেই কাজের গতি ছিল মন্থর। কিছুক্ষণ পর একটি কম্পিউটারের সেটআপ বিকল হয়ে পড়ায় কার্যত একটি মাত্র মেশিনেই কাজ চালাতে হয়। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত কার্ড না পেয়ে বহু মানুষকে হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হতে হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের শীর্ষস্তর থেকে উদ্যোগ থাকলেও তৃণমূল স্তরে ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের আচরণ ছিল চরম অসহযোগিতাপূর্ণ। নতুন আধার কার্ড তৈরির চেয়ে মাঝপথে তথ্য সংশোধন ও আপডেটের কাজকেই তারা বেশি অগ্রাধিকার দিচ্ছিলেন। এমনকী, সরকারি নির্দেশিকা অনুযায়ী নতুন আধার কার্ড সম্পূর্ণ বিনামূল্যে তৈরি হওয়ার কথা থাকলেও কিছু ক্ষেত্রে উপভোক্তাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা দাবি করা হয় বলেও গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আধার কার্ডের অভাবে লোধা সম্প্রদায়ের বহু পরিবার খাদ্য সুরক্ষা প্রকল্পের রেশন-সহ একাধিক সামাজিক কল্যাণমূলক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই দীর্ঘদিনের বঞ্চনা মেটাতে এসেও পরিষেবা না পাওয়ায় মানুষের ক্ষোভ চরমে ওঠে। অন্যদিকে, পাথরা গ্রাম পঞ্চায়েত অফিসে আয়োজিত ক্যাম্পেও একইরকম অচলাবস্থা তৈরি হয়। সেখানে ক্যাম্প চলাকালীন দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে আধার নথিভুক্তিকরণের মূল কাজ বারবার বন্ধ হয়ে যায়। ফলে ওই পঞ্চায়েতেরও বহু মানুষ আধার কার্ড করানো থেকে বঞ্চিত থেকে যান।
পরিস্থিতি প্রসঙ্গে ‘আমি লোধা বলছি’ স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার মিঠুন নায়েক ক্ষোভ প্রকাশ করে জানান, “লোধা সম্প্রদায়ের বহু মানুষের এখনও আধার কার্ড নেই। তাঁদের সমস্যা মেটাতে আগামী দিনে আরও বেশি সংখ্যায় আধার ক্যাম্প করা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হলেও আধার সংক্রান্ত কাজ করতে আসা কম্পিউটার অপারেটরদের একাংশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে।” পরিষেবা থেকে বঞ্চিত গ্রামবাসীর স্পষ্ট দাবি, আধার সংক্রান্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক কম্পিউটার, দক্ষ ও সংবেদনশীল কর্মী এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে যে সমস্ত মানুষ পরিষেবা না পেয়ে ফিরে গেছেন, তাঁদের জন্য প্রশাসনকে অবিলম্বে দ্রুত নতুন ক্যাম্পের দিন ঘোষণা করতে হবে।









