নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: পথচলতি চায়ের ঠেককে হাতিয়ার করে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে সরাসরি ময়দানে নামলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। বুধবার সকালে শহরের বংশী মোড়ে দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক চায়ের আড্ডায় শামিল হন তিনি। মাটির ভাঁড়ে চুমুক দিতে দিতেই শোনেন শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ মানুষের নানাবিধ সমস্যার কথা। বিধায়ক জানান, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ গড়ে তুলতেই তাঁর এই চায়ের আড্ডার উদ্যোগ। বিভিন্ন এলাকা থেকে নিকাশি কিংবা নাগরিক পরিষেবা সংক্রান্ত যে সব অভাব-অভিযোগ তাঁর কাছে আসছে, প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত সেগুলির ইতিবাচক সমাধানের চেষ্টা করা হচ্ছে।
নাগরিক সমস্যার পাশাপাশি ঝাড়গ্রাম শহরে জমি মাফিয়া ও বেআইনি দখলদারি নিয়েও এ দিন স্পষ্ট বার্তা দিয়েছেন বিধায়ক। লক্ষ্মীকান্তবাবুর দাবি, বহু ক্ষেত্রেই প্রকৃত মালিকের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অন্য কেউ গায়ের জোরে সেই জমি দখল করে রেখেছে বলে তাঁর কাছে নালিশ এসেছে। এই প্রসঙ্গে কঠোর অবস্থান স্পষ্ট করে তিনি সাফ জানান, জমি দখলের মতো বেআইনি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোনও ভাবেই রেয়াত করা হবে না এবং আইনানুগ ভাবে তাদের বিরুদ্ধে চরম প্রশাসনিক পদক্ষেপ করা হবে। একই সঙ্গে পূর্বতন রাজনৈতিক নেতৃত্বকে নিশানা করে বিধায়ক অভিযোগ তোলেন, আগের বিধায়ক ও মন্ত্রীরা সাধারণ মানুষের থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন এবং মানুষের সমস্যা মেটানোর চেয়ে অন্য কাজেই বেশি ব্যস্ত থাকতেন। রাজনৈতিক মহলের মতে, বংশী মোড়ে কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড়কে কাজে লাগিয়ে বিধায়ক একদিকে যেমন বিরোধীদের বিঁধেছেন, তেমনই আমজনতার সমস্যার পাশে থাকার বার্তা দিয়ে আগামীর জনসংযোগের সুরটিও বেঁধে দিয়েছেন।









