সুনীপম মহাকুল: বিতর্ক ও বিভ্রান্তির মুখে অবশেষে নরম মনোভাব নিল নির্বাচন কমিশন। ‘দ্য হিন্দু’র প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, যে সব রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলছে না, সেখানে নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে ‘ফর্ম ৬’-এর সঙ্গে জুড়ে দেওয়া অতিরিক্ত ঘোষণাপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করে নিল জাতীয় নির্বাচন সদন। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, কমিশনের ডিজিটাল পোর্টালে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত বদল ঘটিয়ে পুরনো সরল নিয়ম ফিরিয়ে আনা হয়েছে। ফলে সাধারণ রাজ্যগুলির প্রথম বার ভোট দিতে চলা নাগরিকদের আর পূর্বপুরুষের নাম বা পুরনো ভোটার তালিকার সঙ্গে বংশানুক্রমিক তথ্যপ্রমাণ মেলার হ্যাপা পোহাতে হচ্ছে না। কেবল প্রচলিত পরিচয় ও বয়সের সাধারণ নথিপত্র দিয়েই সরাসরি আবেদন করা যাচ্ছে।
প্রশাসনিক ও আইনি মহলের মতে, কমিশনের এই পদক্ষেপ কার্যত তাদের পূর্ববর্তী অবস্থানেরই সংশোধন। মূলত এসআইআর পর্ব চলাকালীন বাদ পড়া ভোটারদের ফের তালিকায় যুক্ত করতে এবং পূর্ববর্তী এসআইআর তালিকার সঙ্গে পারিবারিক যোগসূত্র যাচাই করতে ওই বিশেষ ঘোষণাপত্রের খসড়া তৈরি হয়েছিল। কিন্তু কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগ তা কেন্দ্রীয় পোর্টালে এমন ভাবে জুড়ে দেয়, যাতে অ-এসআইআর রাজ্যের সাধারণ নতুন ভোটারদের ক্ষেত্রেও ওই অতিরিক্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। সংশ্লিষ্ট সূত্রের খবর, নির্বাচন সদনের অন্দরেই বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে যে, আইন মন্ত্রকের অনুমোদন ছাড়া সংবিধিবদ্ধ ‘ফর্ম ৬’-এ এমন বাড়তি শর্ত চাপানো এক্তিয়ার-বহির্ভূত। শেষ পর্যন্ত পোর্টালের ত্রুটি দূর করে কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে, এই বিশেষ নিয়ম কেবল সক্রিয় এসআইআর চলা রাজ্যগুলির জন্যই প্রযোজ্য ছিল, গোটা দেশের সার্বিক নিয়মে কোনও বদল আসেনি। কমিশনের এই প্রযুক্তিগত পিছু হঠায় সারা দেশের লক্ষাধিক নতুন ভোটারের অযথা জটিলতায় পড়ার আশঙ্কা আপাতত দূর হল।









