বিশেষ সংবাদদাতা, নতুন দিল্লি, ৩০ সেপ্টেম্বর: আরব সাগরে লাক্ষাদ্বীপের পশ্চিমে মাদক পাচারের এক আন্তর্জাতিক ছক ভেস্তে দিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি) এবং গুজরাট সন্ত্রাসদমন শাখা (এটিএস)। বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ৫২৬ কিলোগ্রাম উন্নতমানের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে হেরোইন ও মেথামফেটামিন। আন্তর্জাতিক বাজারে বাজেয়াপ্ত এই বিপুল মাদকের আনুমানিক মূল্য তিন হাজার কোটি টাকারও বেশি। অভিযানের সময় একটি ইরানি ট্রলার থেকে পাঁচজন পাকিস্তানি নাবিককে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আকাশ ও জলপথে নজরদারি চালিয়ে ট্রলারটিকে মাঝসমুদ্রে ধাওয়া করে আটকে ফেলেন জওয়ানরা। পরবর্তীতে ধৃতদের ট্রলার ও মাদক-সহ সশস্ত্র নিরাপত্তায় মুম্বই নিয়ে যাওয়া হয়েছে, যেখানে বিভিন্ন নিরাপত্তা সংস্থার যৌথ জেরা এবং আইনি পদক্ষেপ শুরু হয়েছে। আন্তর্জাতিক মাদকচক্রের গতিবিধির বিরুদ্ধে এই পদক্ষেপকে ‘নেশামুক্ত ভারত’ গড়ার ক্ষেত্রে এক বড় সাফল্য বলে উল্লেখ করেছে উপকূলরক্ষী বাহিনী।









