মোদীর ডিগ্রি মামলায় বড় ধাক্কা কেজরিবালের, খারিজ আবেদন, বহাল পঁচিশ হাজারের জরিমানা

বিশেষ সংবাদদাতা, আমেদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি প্রকাশের নির্দেশ খারিজের বিরুদ্ধে আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিবালের দায়ের করা আপিল আবেদন সরাসরি খারিজ করে দিল গুজরাত হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সুনীতা আগরওয়াল এবং বিচারপতি ডি এন রায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, গুজরাত বিশ্ববিদ্যালয়ের ওপর তথ্য কমিশন যে ডিগ্রি প্রকাশের নির্দেশ চাপিয়েছিল তা বাতিল করার এবং কেজরিবালকে পঁচিশ হাজার টাকা জরিমানা করার একক বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করার মতো কোনো যুক্তি নেই। রায়ে আদালত সাফ জানিয়েছে: “বর্তমান মামলার সামগ্রিক তথ্য ও পরিস্থিতির নিরিখে শুনানিতে আবেদনকারীর কোনো যুক্তির ভিত্তিতেই বিতর্কিত রায়ে কোনো ভুল খুঁজে পাওয়া যায়নি। ফলে অতিরিক্ত কোনো খরচ ধার্য না করে এই আপিলটি খারিজ করা হল।” ২০২৩ সালের একত্রিশে মার্চ হাইকোর্টের একক বেঞ্চ কেন্দ্রীয় তথ্য কমিশনের (সিআইসি) ২০১৬ সালের নির্দেশ খারিজ করে তথ্য জানার অধিকার (আরটিআই) আইনের অপব্যবহারের দায়ে কেজরিবালকে কড়া ভাষায় তিরস্কার করেছিল এবং তাঁর দৃষ্টিভঙ্গিকে চরম অসতর্ক বলে আখ্যা দিয়ে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছিল।

শুনানিপর্বে কেজরিবালের পক্ষে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি জরিমানা চাপানোর কড়া বিরোধিতা করেছিলেন। তাঁর যুক্তি ছিল, একক বেঞ্চ যেভাবে দাবি করেছে যে তাঁর মক্কেল প্রধানমন্ত্রীর ডিগ্রির জন্য নাছোড়বান্দা হয়ে লেগে ছিলেন, বিষয়টি আদৌ তা নয়। তিনি সওয়াল করেন যে, কেন্দ্রীয় তথ্য কমিশন কোনো আনুষ্ঠানিক আবেদনের ভিত্তিতে নয়, বরং একটি চিঠির ওপর নির্ভর করে স্বতঃপ্রণোদিত হয়ে কেজরিবালকে পক্ষ করেছিল। এর পাশাপাশি গুজরাত বিশ্ববিদ্যালয় একক বেঞ্চে দাবি করেছিল যে ডিগ্রি ইতিমধ্যেই অনলাইনে রয়েছে; অথচ একক বেঞ্চে রিভিউ পিটিশনে কেজরিবালের আইনজীবীরা তথ্য দিয়ে দেখিয়েছিলেন যে ডিগ্রিটি কখনোই অনলাইনে রাখা হয়নি—যদিও সেই যুক্তি খারিজ হয়ে যায়। কেজরিবালের আইনজীবীর দাবি ছিল, জনস্বার্থের কারণে ডিগ্রি যদি সত্যিই অনলাইনে প্রকাশ করা হয়ে থাকে, তবে তা স্বাভাবিকভাবেই তথ্যের অধিকার আইনের আওতায় পড়বে। অন্য দিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জোর সওয়াল করে জানান, কেজরিবাল কোনো আইনি স্বার্থে নয়, বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কালিমালিপ্ত করতে লাগাতার প্রেস কনফারেন্স করেছেন এবং অহেতুক মামলা টেনে নিয়ে গেছেন। তথ্যের অধিকার আইনের পবিত্রতা রক্ষা করতে এবং সরকারি আধিকারিকদের কর্মঘণ্টা নষ্ট করার প্রবণতা রুখতে কেজরিবালের ওপর কড়া জরিমানা ধার্য করার সপক্ষে সওয়াল করেন তিনি।

২০১৬ সালে কেজরিবাল কেন্দ্রীয় তথ্য কমিশনকে চিঠি লিখে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার নথি প্রকাশের দাবি তোলার পরই এই বিতর্কের সূত্রপাত হয়। তৎকালীন সিআইসি এম শ্রীধর আচার্যুলু দিল্লি বিশ্ববিদ্যালয় ও গুজরাত বিশ্ববিদ্যালয়কে মোদীর ডিগ্রি সংক্রান্ত তথ্য কেজরিবালকে দেওয়ার নির্দেশ দেন। এর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হলে তিন মাসের মাথায় সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের যুক্তি ছিল, কারও ‘দায়িত্বজ্ঞানহীন ছেলেমানুষি কৌতূহল’ কখনোই তথ্যের অধিকার আইনের অধীনে ‘জনস্বার্থ’ হিসেবে গণ্য হতে পারে না। ২০১৬ সালের মে মাসে তৎকালীন উপাচার্য এম এন প্যাটেল জানিয়েছিলেন যে ১৯৮৩ সালে বহিরাগত পরীক্ষার্থী হিসেবে রাষ্ট্রবিজ্ঞানে বাষট্টি দশমিক তিন শতাংশ নম্বর পেয়ে এমএ পাস করেছিলেন নরেন্দ্র মোদী। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তা আপলোড করলেও সিআইসি-র এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে মামলা লড়ে। একক বেঞ্চ কমিশনের পদক্ষেপকে ‘বিচারবিভাগীয় সক্রিয়তা’ আখ্যা দিয়ে তা নাকচ করে এবং জরিমানার নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চেও সেই রায় বহাল থাকায় আপ সুপ্রিমোর আইনি লড়াই বড়সড় ধাক্কা খেল।

Leave a Comment

আরও পড়ুন