রবি ফসলে এমএসপি বাড়াল কেন্দ্র, সর্বোচ্চ বৃদ্ধি কুসুমে

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর: কৃষকদের ফসলের লাভজনক দাম নিশ্চিত করতে এবং খাদ্যশস্যের পাশাপাশি ডাল ও তৈলবীজ চাষে উৎসাহ দিতে ২০২৭-২৮ বিপণন মরশুমের সমস্ত নির্ধারিত রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির (সিসিইএ) বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। নতুন দর অনুযায়ী কুইন্টাল প্রতি সবচেয়ে বেশি ৬৭৫ টাকা বেড়েছে কুসুমে (স্যাফ্লাওয়ার), যার নতুন দাম দাঁড়িয়েছে ৭,২১৫ টাকা। এর পরেই সরিষা ও রাইয়ের এমএসপি কুইন্টাল প্রতি ৪১৩ টাকা বাড়িয়ে ৬,৬১৩ টাকা এবং মসুর ডালে ৩৯০ টাকা বাড়িয়ে ৭,৩৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গমের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২৫ টাকা বাড়িয়ে ২,৬১০ টাকা, বার্লিতে ১৩৬ টাকা বাড়িয়ে ২,২৮৬ টাকা এবং ছোলার এমএসপি কুইন্টাল প্রতি ৮৩ টাকা বাড়িয়ে ৫,৯৫৮ টাকা করা হয়েছে। ২০১৮-১৯ সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা মেনে উৎপাদন খরচের ওপর অন্তত দেড় গুণ দাম দেওয়ার নীতি মেনেই এই হার ঠিক করা হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, গমের উৎপাদন খরচ কুইন্টাল প্রতি ১,২৬৪ টাকা ধরায় কৃষকদের অনুমিত লাভের মার্জিন থাকছে সবচেয়ে বেশি—১০৬ শতাংশ। সরিষা ও রাইয়ে উৎপাদন খরচ ৩,৩৬৭ টাকা এবং লাভের মার্জিন ৯৬ শতাংশ; মসুরে উৎপাদন খরচ ৩,৮৫৪ টাকা ও মার্জিন ৯২ শতাংশ; ছোলায় উৎপাদন খরচ ৩,৭৫১ টাকা ও মার্জিন ৫৯ শতাংশ; বার্লিতে উৎপাদন খরচ ১,৪৪৭ টাকা ও মার্জিন ৫৮ শতাংশ এবং কুসুমে উৎপাদন খরচ ৪,৮১০ টাকা ধরে কৃষকদের ৫০ শতাংশ মার্জিন দেওয়া হচ্ছে। গত এক দশকে রবি শস্য সংগ্রহের পরিসংখ্যানেও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে; ২০১৪-১৫ থেকে ২০২৫-২৬ সময়কালে গম সংগ্রহ বেড়ে হয়েছে ৩,৭১৫ লাখ মেট্রিক টন, যেখানে ২০০৪-০৫ থেকে ২০১৩-১৪ মেয়াদে তা ছিল ২,২৫৪ লাখ মেট্রিক টন। সার্বিকভাবে ছয়টি রবি শস্য সংগ্রহ ২,৩০২ লাখ মেট্রিক টন থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩,৯২১ লাখ মেট্রিক টনে। একই সময়ে গমচাষিদের সরাসরি দেওয়া এমএসপির অঙ্ক ২.৫৬ লাখ কোটি থেকে বেড়ে ৭.৩১ লাখ কোটি টাকায় এবং ছয়টি রবি ফসলের মোট মূল্য পরিশোধ ২.৬৫ লাখ কোটি থেকে বেড়ে ৮.৩৬ লাখ কোটি টাকায় পৌঁছেছে। এমএসপি নির্ধারণের খরচের মধ্যে শ্রমিক খরচ, পশু ও যন্ত্রপাতির ব্যবহার, জমির লিজ ভাড়া, বীজ, সার, সেচ, ডিজেল-বিদ্যুৎ ও পারিবারিক শ্রমের আনুমানিক মূল্যও অন্তর্ভুক্ত রয়েছে।

Leave a Comment

আরও পড়ুন