সবুজ শক্তিতে গতি আনতে মেগা প্রকল্প: ১.৮৬ লক্ষ কোটির ‘পিএম-ধারা’ প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর: দেশের পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ পরিকাঠামোয় বড়সড় বৃদ্ধি ঘটাতে ১ লক্ষ ৮৬ হাজার ৪০৫ কোটি টাকার ‘পিএম-ধারা’ (প্রধানমন্ত্রী-ডেভেলপিং হারমোনাইজড অ্যান্ড অ্যাক্সিলারেটেড রিনিউয়েবল-এনার্জি অ্যাক্সেস) প্রকল্পে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে নেওয়া এই সিদ্ধান্তের মূল লক্ষ্য—রাজ্যগুলির অভ্যন্তরীণ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে মজবুত করে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে প্রায় ১৩৫ গিগাওয়াট অপ্রচলিত বিদ্যুৎ মূল গ্রিডে সরবরাহ করার পথ সুগম করা। এই প্রকল্পের অধীনে বরাদ্দ অর্থের মধ্যে ১ লক্ষ ৩৬ হাজার ৩৭৮ কোটি টাকা গ্রিন এনার্জি করিডোর পর্ব-তিনের আওতায় অন্তঃরাজ্য গ্রিড পরিকাঠামো উন্নয়নে এবং বাকি ৫০ হাজার কোটি টাকা ৫০ গিগাওয়াট-আওয়ার ব্যাটারি শক্তি সঞ্চয় ব্যবস্থা (বিইএসএস) গড়ে তুলতে ব্যয় করা হবে। প্রকল্পটিতে কেন্দ্রীয় সরকার আর্থিক সহায়তা বাবদ সরাসরি ৫৪ হাজার ৮২ কোটি টাকা মঞ্জুর করেছে, যার ফলে ট্রান্সমিশন চার্জ হ্রাস পাবে এবং চূড়ান্ত বিচারে সাধারণ বিদ্যুভোক্তারা তুলনামূলক কম খরচে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন। ২০৩২-৩৩ অর্থবর্ষের মধ্যে সম্পূর্ণ রূপায়ণের লক্ষ্যমাত্রা নেওয়া এই প্রকল্পের কাজ এগোবে সম্পূর্ণ পেশাদার মডেলে; যেখানে সমস্ত নতুন বা গ্রিনফিল্ড প্রকল্পগুলি রূপায়িত হবে ট্যারিফ-ভিত্তিক প্রতিযোগিতামূলক বিডিংয়ের (টিবিসিবি) মাধ্যমে ‘বিল্ড-ওন-অপারেট-মেনটেইন’ মডেলে এবং পুরনো পরিকাঠামোর মানোন্নয়ন হবে কস্ট-প্লাস ভিত্তিতে। সংশ্লিষ্ট রাজ্যগুলির বিদ্যুৎ সঞ্চালন সংস্থাই (এসটিইউ) মূল নোডাল রূপায়ণকারী সংস্থা হিসেবে দায়িত্ব সামলাবে।

সূর্য ডুবলেই সৌরবিদ্যুতের ঘাটতি কিংবা গ্রিডে অতিরিক্ত লোডের কারণে বিদ্যুৎ উৎপাদন থমকে যাওয়ার যে প্রযুক্তিগত সংকট এতকাল ক্লিন এনার্জিকে তাড়া করে বেড়াচ্ছিল, ৫০ গিগাওয়াট-আওয়ার ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে সেই ‘পিক-আওয়ার’ সমস্যার পাকাপোক্ত দাওয়াই হাজির করল কেন্দ্র। এই সুবিশাল পরিকাঠামো মূলত ২০৩৫ সালের মধ্যে ভারতে ৯০০ গিগাওয়াট জীবাশ্ম-জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদনের যে জাতীয় লক্ষ্যমাত্রা রয়েছে, তাকে বাস্তবায়িত করার জ্বালানি জোগাবে। সঞ্চালন লাইনের জট কাটিয়ে এবং নন-সোলার সময়েও বিদ্যুতের জোগান নিশ্চিত করে এই প্রকল্প কেবল কার্বন নির্গমনের মাত্রা একধাক্কায় অনেকটা কমিয়ে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তাই সুনিশ্চিত করবে না, বরং দেশীয় ব্যাটারি উৎপাদন, নির্মাণ ও বিদ্যুৎ ক্ষেত্রে সৃষ্টি করবে হাজার হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান। পাশাপাশি ব্যাটারি ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও আধুনিক গ্রিড ব্যবস্থাপনার হাত ধরে দেশজুড়ে কারিগরি ও প্রযুক্তিগত ক্ষেত্রে বহু দক্ষ মানবসম্পদের স্থায়ী আয়ের পথ উন্মুক্ত হবে।

Leave a Comment

আরও পড়ুন