বাঁশপাহাড়ী: পথদুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সড়কের দু’পাশে বেড়ে ওঠা ঝোপঝাড় সাফাইয়ের বিশেষ উদ্যোগ নিল বাঁশপাহাড়ী ফাঁড়ির পুলিশ। স্থানীয় সমাজসেবীদের সহযোগিতায় বাঁশপাহাড়ী ও নেগুড়িয়া এলাকায় এই সাফাই অভিযান শুরু হয়েছে। রাস্তার বিভিন্ন অন্ধ বাঁকে ঘন ঝোপঝাড়ের কারণে চালকদের দৃষ্টিসীমা কমে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল। সেই ঝুঁকি কাটাতেই রাস্তা পরিষ্কারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সমাজসেবী প্রবীর মণ্ডল জানান, বাঁশপাহাড়ী ফাঁড়ির ওসির উদ্যোগে বিভিন্ন গ্রামের সমাজসেবীরা একজোট হয়ে এই কর্মসূচিতে হাত লাগিয়েছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাসব্যাপী চলা সেবা কর্মসূচির অংশ হিসেবেই পুলিশ ও সমাজসেবীদের এই যৌথ প্রয়াস। তিনি আরও জানান, সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি আগামী দিনে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রত্যন্ত গ্রামগুলিতে শবর জনজাতিসহ অনগ্রসর শ্রেণির মানুষের মধ্যে বাল্যবিবাহ রোধ এবং নেশামুক্তির লক্ষ্যে সচেতনতামূলক প্রচার ও বিশেষ শিবিরের আয়োজন করা হবে।









