‘অচল সংস্থায় পুরো বিশ্বের স্বার্থ দেখা সম্ভব নয়’: রাষ্ট্রসঙ্ঘকে জয়শঙ্করের তোপ

নয়াদিল্লি, ৬ অক্টোবর: বিশ্বজুড়ে একের পর এক যুদ্ধ আর সংকট চলছে, অথচ সিদ্ধান্ত নেওয়ার জায়গায় সবচেয়ে বড় বিশ্বমঞ্চই আজ কার্যত নিষ্ক্রিয় দর্শক। ইউক্রেন থেকে উপসাগরীয় সংঘাত—বড় কোনো বৈশ্বিক সংকটের সমাধান সূত্র বের করতে না পেরে রাষ্ট্রসঙ্ঘ যে গুরুত্বহীন হয়ে পড়ছে, তা চাঁচাছোলা ভাষায় স্পষ্ট করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লিতে আয়োজিত পঞ্চম কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে যোগ দিয়ে বিশ্ব সংস্থার খোলনলচে বদলানোর জোরালো দাবি তুললেন তিনি।

সংস্থার বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে কোনো রাখঢাক না রেখে জয়শঙ্কর বলেন, “রাষ্ট্রসঙ্ঘের ক্ষেত্রে এখন যে বিষয়টি সবার কাছে পরিষ্কার, তা হলো এই সংস্থা সম্পূর্ণ অচলাবস্থার মুখে দাঁড়িয়েছে। আজকের দিনের বড় বড় ইস্যুগুলোর দিকে যদি তাকানো যায়—তা সে উপসাগরীয় সংঘাত হোক, ইউক্রেনের লড়াই হোক, আফ্রিকার সমস্যা কিংবা করোনা মহামারী—সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় রাষ্ট্রসঙ্ঘের ভূমিকা বলতে গেলে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।”

কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তার ব্যাখ্যা দিতে গিয়ে বিদেশমন্ত্রী আঙুল তোলেন নিরাপত্তা পরিষদের কাঠামোর দিকেই। তাঁর কথায়, নিরাপত্তা পরিষদ আর গোটা বিশ্বের স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারছে না। ৫১ জন সদস্য নিয়ে যে সংস্থা শুরু হয়েছিল, আজ সদস্য সংখ্যা বেড়ে প্রায় চার গুণ। অথচ পরিচালনার ক্ষমতা এখনো আটকে সেই পুরনো পরিচালন সমিতির হাতেই। জয়শঙ্করের খোঁচা, চার গুণ বড় হওয়া কোনো সংস্থার পরিচালন সমিতি না বদলালে যে কাজ চলবে না, তা তো স্রেফ সাধারণ জ্ঞানের কথা।

সংস্কার আটকে রাখার পেছনে নির্দিষ্ট কিছু দেশের দ্বিচারিতাকেও আক্রমণ করেছেন বিদেশমন্ত্রী। কোনো দেশের নাম না করে তিনি জানান, সংস্কারের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে হাতে গোনা কয়েকটি দেশ। তারা আবার অদ্ভুতভাবে আফ্রিকার স্বার্থের দোহাই দিয়ে সংস্কার আটকে রাখছে। অথচ আফ্রিকাই এখন আন্তর্জাতিক বৈঠকে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়ে সংস্কার চাইছে।

তবে কড়া সমালোচনার মাঝেও রাষ্ট্রসঙ্ঘের প্রাসঙ্গিকতা একেবারেই শেষ হয়ে গেছে মানতে নারাজ বিদেশমন্ত্রী। তিনি স্পষ্ট করেন, রাষ্ট্রসঙ্ঘ আন্তর্জাতিক মহলের বহু উপকার করেছে এবং বিশ্বের এখনো এই সংস্থার প্রয়োজন রয়েছে। তাই পাশ কাটিয়ে নতুন কোনো পথ না খুঁজে রাষ্ট্রসঙ্ঘের ভেতরের গলদ মেরামত করাই এখন মূল কাজ হওয়া উচিত।

Leave a Comment

আরও পড়ুন