নিজস্ব সংবাদদাতা, নয়াগ্রাম: সুদূর কর্ণাটকে পাড়ি দিয়ে এক নাবালিকাকে উদ্ধার করল নয়াগ্রাম থানার পুলিশ। একই সঙ্গে নাবালিকাকে অপহরণ ও বেআইনিভাবে বিয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ন’মাস ধরে নিখোঁজ থাকার পর অবশেষে বেঙ্গালুরুর একটি ভাড়াবাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে নিরাপদে বাড়ি ফিরিয়ে এনেছেন তদন্তকারীরা। নয়াগ্রাম থানার আইসি রামনারায়ণ পালের সক্রিয় তৎপরতায় এই সাফল্য মিলেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ জানুয়ারি নয়াগ্রামের চুনখুলিয়া গ্রামের বাসিন্দা গিরীন্দ্র মাহাতোর সতেরো বছর বয়সি মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আত্মীয়স্বজন-সহ সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ২৭ জানুয়ারি নয়াগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। অভিযোগ পাওয়ার পরেই নাবালিকার সন্ধানে তদন্তে নামে পুলিশ। দীর্ঘ তদন্ত ও মুঠোফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয় যে, নিখোঁজ কিশোরী কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে রয়েছে।
এরপরই গত ৩ অক্টোবর দুই মহিলা কনস্টেবল-সহ পাঁচ সদস্যের একটি বিশেষ পুলিশ দল কর্ণাটকে পৌঁছয়। বেঙ্গালুরুর বেলানডুরু এলাকায় টানা দু’দিন চিরুনি তল্লাশি চালিয়ে গত ৭ অক্টোবর একটি ভাড়া বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে গ্রেফতার করা হয় সঞ্জয় মহন্ত (২৫) নামে এক যুবককে। ধৃতের বাড়ি প্রতিবেশী রাজ্য ওড়িশায়।
জেরায় অভিযুক্ত দাবি করেছে, তারা স্থানীয় একটি মন্দিরে ইতিমধ্যেই বিয়ে সেরে ফেলেছে। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এই বিয়ে সম্পূর্ণ বেআইনি বলে জানিয়েছে পুলিশ। তদন্তে আরও উঠে এসেছে, অভিযুক্ত সঞ্জয়ের এমন কাণ্ড এই প্রথম নয়। এর আগে ২০২৩ সালেও এই একই নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়েছিল সে। ধৃতের বিরুদ্ধে অপহরণ ও বাল্যবিবাহ প্রতিরোধ আইনে মামলা রুজু করে আইনি পদক্ষেপ শুরু করেছে পুলিশ।









